নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় হামলা, আহত ৩৫
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের ৩০ জন এবং বিএনপির ৫ জন কর্মী আহত হয়েছেন।
এর মধ্যে জামায়াতের তিনজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামী আমির মুছলেহ উদ্দিন।
বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ব্রাহ্মন্দীতে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নরসিংদী-২ (পলাশ) আসনে জামায়াতের প্রার্থী মো. আমজাদ হোসাইন জানান, বুধবার সন্ধ্যায় মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন তাঁতীদল নেতা বখতিয়ার হোসেন বখতিয়ারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।
এ হামলার প্রতিবাদে রাত ৮টার দিকে জেলা শহরের প্রেস ক্লাবের সামনে এবং পলাশে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন বলেন, শুরু থেকেই বিএনপির কিছু নেতা-কর্মী সভায় বাধা সৃষ্টি করছিলেন। বক্তব্য চলাকালে তারা মঞ্চের পেছনে গিয়ে গালিগালাজও করেন। স্থানীয়দের হস্তক্ষেপে তারা প্রথমে সরে গেলেও সভা শেষে পুনরায় ৭০-৮০ জন বিএনপি কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৩০ জন আহত হন। আহতদের নরসিংদী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদল নেতা বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জন এ হামলায় অংশ নেয়।
নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করা হলেও মাধবদী থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে উল্টো জামায়াতের হামলায় তাদের নেতা বখতিয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া।
তিনি বলেন, ‘জামায়াতের সভায় উসকানিমূলক বক্তব্য দেওয়ায় আমাদের লোকজন প্রতিবাদ জানায়। এ সময় জামায়াতের কর্মীদের হামলায় বখতিয়ারসহ অন্তত পাঁচজন আহত হন।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দেবে বলে জানিয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন মোল্লা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন মোঃ নয়ন মোল্লাRead More
নরসিংদীতে নিখোঁজের ১দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজের ১ দিনRead More



Comments are Closed