Main Menu

সিলেটের রাস্তায় নতুন পোশাকে পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে সিলেটেও নবসাজে দায়িত্ব পালন শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেট মহানগরের বিভিন্ন মোড়ে নতুন পোশাকে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সিলেটে প্রাথমিক অবস্থায় মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা নতুন পোশাক ব্যবহার শুরু করেছেন। পর্যায়ক্রমে মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটে এ পোশাকের ব্যবহার শুরু হবে।

এর আগে সর্বপ্রথম ১৫ নভেম্বর ঢাকায় পুলিশের সদস্যরা নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেন।

শুরুতে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের পুলিশ সদস্যরা নতুন পোশাক পরেছেন। তবে জেলা পুলিশ এখনো তা পায়নি। ধাপে ধাপে পুলিশের সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছে যাবে। সব সদস্যের জন্য এখনো পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে এটি চালু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সুদীপ্ত রায় বৃহস্পতিবার বিকালে বলেন- প্রাথামকি পর্যায়ে এসএমপি’র ট্রাফিক বিভাগে নতুন পোশাক পরিধান শুরু হয়েছে। আজ থেকে এ বিভাগের সদস্যরা নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেছেন। পর্যায়ক্রমে মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটে এ পোশাকের ব্যবহার শুরু হবে।

উল্লেখ্য, পুলিশের পোশাক নির্ধারণ করা হয়েছে লৌহ (আয়রন) রঙের। র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-এর পোশাক জলপাই (অলিভ) রঙের। গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে পরবেন। আর আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। তবে এপিবিএন ও এসপিবিএনে আগের পোশাক থাকবে।

অপরদিকে, পুলিশের লোগোতেও পরিবর্তন আনা হয়েছে। বর্তমান লোগোতে থাকা পাল তোলা নৌকা বাদ পড়েছে। নতুন লোগোটিতে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত ছবি রয়েছে। আর পাট পাতার টবে লেখা রয়েছে পুলিশ। নতুন লোগো পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রীতে ব্যবহার করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed