Main Menu

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা ও আলু জব্দ, গ্রেপ্তার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা ও আলু জব্দ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকার গাজী মেডিকেল হলের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে ৪১ বস্তায় ২ হাজার ২৫৫ কেজি আলু জব্দ করা হয়। জব্দকৃত আলুর আনুমানিক মূল্য এক লাখ ৩৫ হাজার ৩০০ টাকা।

অভিযানে মহিন্দ্র পিকআপ গাড়িও (রেজি নং ঢাকা মেট্রো-ন-১২-৫৩৫০) জব্দ করা হয়। গাড়িটির আনুমানিক মূল্য সাত লাখ টাকা। এ ঘটনায় অভিযান চলাকালে কৌশলে চালক ও সহযোগীরা পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়।

অন্যদিকে, শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে নৈখাই এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে ভারতীয় জিরা জব্দ করে মোগলাবাজার থানা পুলিশ। এ সময় ৩ হাজার ৩০০ কেজি জিরা পাওয়া যায়। জিরার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে জিরা পরিবহনে ব্যবহৃত হলুদ-নীল রঙের একটি ট্রাক জব্দ করা হয়। একইসঙ্গে এ ঘটনায় ১৫ বছরের এক কিশোরসহ আরও তিনজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— বটেশ্বরের কালাগুল এলাকার জুবায়ের আহমদ (৫৪), জামালপুর ইসলামপুরের পেচারচরের বাসিন্দা গাড়িচালক হেলাল উদ্দিন (৪৫)। গ্রেপ্তার কিশোরের নাম প্রকাশ করেনি পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আলু জব্দের ঘটনায় পলাতক অজ্ঞাত চালক ও সহযোগীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জিরা জব্দের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ভারতীয় পণ্য চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Share





Related News

Comments are Closed