ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক: জালিয়াতি ও মানব পাচারের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়ে যাওয়ায় ভারতীয় নাগরিকদের জন্য ইরানের ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করেছে তেহরান। আগামী ২২ নভেম্বর থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয়দের ইরানে প্রবেশ বা ট্রানজিটের জন্য ভিসা নিতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক্স–এ দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।
ইরান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পর্যটন বাড়াতে ভারতীয়দের জন্য ভিসামুক্ত সুবিধা চালু করেছিল। এই সুবিধায় ভারতীয়রা প্রতি ছয় মাসে সর্বোচ্চ ১৫ দিনের জন্য ভিসা ছাড়া ইরানে ভ্রমণ করতে পারতেন। তবে চাকরির জন্য বা তৃতীয় দেশে যাওয়ার জন্য এই সুবিধা ব্যবহার করা নিষিদ্ধ ছিল।
কিন্তু সুবিধা চালুর পর দেখা যায়, বিভিন্ন প্রতারণাচক্র ভারতীয় নাগরিকদের চাকরির ভুয়া প্রতিশ্রুতি ও ট্রানজিটের লোভ দেখিয়ে ইরানে পাঠাচ্ছিল। অনেক ক্ষেত্রে ইরান পৌঁছানোর পর তাদের অপহরণ, আটকে রাখা এবং মুক্তিপণ দাবি করার ঘটনাও ঘটে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসামুক্ত সুবিধার অপব্যবহার করে অনেক ভারতীয়কে ইরানে প্রবেশে প্রলুব্ধ করা হয়েছে। তারা পৌঁছানোর পর অনেকেই মানব পাচার ও জালিয়াতির শিকার হচ্ছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান সরকার ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ স্থগিত করেছে।
মন্ত্রণালয় ভারতীয়দের সতর্ক করে বলেছে, ভিসামুক্ত ভ্রমণ বা ইরান হয়ে অন্য দেশে পাঠানোর নামে যে কোনো এজেন্টের প্রলোভনে না পড়তে। কারণ এসবের পেছনে অপরাধী চক্র সক্রিয়।
এর আগে চলতি বছরের মে মাসে পাঞ্জাবের তিন তরুণকে দুবাই–ইরান রুটে অস্ট্রেলিয়া পাঠানোর কথাবলে ইরানে নিয়ে গিয়ে অপহরণ করা হয়। তাদের পরিবারের কাছ থেকে ১ কোটি রুপি মুক্তিপণ দাবি করা হয়েছিল। ভারতের অনুরোধে ইরানি কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে পরে তাদের উদ্ধার করে।
ইরানের ঐতিহ্যবাহী শহর ইসফাহান, শিরাজ, ধর্মীয় নগরী কোম ও মাশহাদ এবং সিল্ক রোড–ঘেঁষা মরুভূমি এলাকা ভারতীয় পর্যটকদের কাছে জনপ্রিয় হওয়ায় দেশটি গুরুত্বপূর্ণ ভ্রমণগন্তব্য হিসেবে পরিচিত ছিল। আবার স্বল্প বাজেটের পর্যটকদের জন্য ইরান ছিল গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটও।
কিন্তু মানব পাচারচক্রের অপব্যবহারের কারণে আপাতত সেই ভিসামুক্ত সুবিধা বন্ধ থাকছে বলে জানিয়েছে তেহরান।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed