শাকসু নির্বাচন: প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট, প্রচারণায় থাকছে সীমাবদ্ধতা
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট। ডোপ টেস্টের ফলাফল পজিটিভ হলে কেউ প্রার্থী হতে পারবেন না।
সোমবার (১৭ নভেম্বর) শাকসু ও হল সংসদ নির্বাচনী আচরণবিধি থেকে এ তথ্য জানা গেছে।
বিধিমালায় বলা হয়, শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ও প্রার্থিতা প্রত্যাহার অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রার্থী নিজ উদ্যোগে শাবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগে ডোপ টেস্টের স্যাম্পল দেওয়ার পর প্রাপ্ত রসিদটি মনোনয়নপত্রের সঙ্গে জমা দিবেন। নির্বাচন কমিশন অফিস সকল প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট সংগ্রহ করবে।
ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে ডোপ টেস্ট রিপোর্ট সম্পর্কে নির্বাচন কমিশন গঠিত রিভিউ কমিটির চূড়ান্ত মতামত নেওয়া হবে। ডোপ টেস্টের রসিদ ব্যতীত কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না। অসত্য ও অসম্পূর্ণ তথ্যের জন্য মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
এতে আরও বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোনো প্রকার মিছিল করা যাবে না। প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারীসহ ৫ জনের বেশি নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আসা যাবে না। কোনো প্রার্থী কর্তৃক প্রধান নির্বাচন কমিশনারের নিকট মনোনয়নপত্র দাখিল এবং প্রার্থিতা প্রত্যাহারের সময় অন্য কোনো প্রার্থী বা ব্যক্তি, গোষ্ঠী বা অন্য কোনো সংগঠনের কেউ কোনো প্রকার বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল ও প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।
অন্যদিকে প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণার ক্ষেত্রে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে মনোনয়নপত্র জমাদান, মনোনয়নপত্র প্রত্যাহার বা নির্বাচনী প্রচারণায় কোন ধরনের যানবাহন, মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি, হাতি, ব্যান্ড পার্টি ইত্যাদি নিয়ে কোনরূপ শোভাযাত্রা, শোডাউন বা মিছিল করা যাবে না।
নির্বাচনী প্রচারণার জন্য কোন প্রার্থীর ছবি বা তাঁর পক্ষে প্রচারণামূলক কোন বক্তব্য বা অন্য কারো ছবি বা প্রতীকের চিহ্ন সম্বলিত শার্ট, ক্যাপ, টি-শার্ট, জ্যাকেট, হুডি, ফতুয়া বা কোন ধরনের পোশাক ব্যবহার করা যাবে না।
নির্বাচনী প্রচারণায় ও প্রচারপত্রে কিংবা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন, গুজব, মানহানিকর আচরণ, অশালীন উক্তি, উস্কানিমূলক কোন কথা কিংবা কারো বিরুদ্ধে কোন অসত্য তথ্য ছড়ানো, কোন ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট কারো অনুভূতিতে আঘাত হানে এমন কোন কিছু করা যাবে না। সর্বোপরি নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন প্রচারণা করা যাবে না। এ ধরনের কোন অভিযোগ পাওয়া গেলে নির্বাচন কমিশন ওই প্রার্থীর বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্ত নিবে।
এদিকে রোববার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ তফসিল ঘোষণা করেন। এরআগে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এতে আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, শাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২০ নভেম্বর, ভোটার তালিকার আপত্তি গ্রহণ ২২ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৩ নভেম্বর, মনোনয়ন বিতরণ শুরু হবে ২৪ নভেম্বর, মনোনয়ন জমা শুরু হবে ২৫ নভেম্বর, মনোনয়নের জমাদানের শেষ তারিখ ২৬ নভেম্বর, মনোনয়ন পত্র যাচাই বাচাই হবে ২৭ নভেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৮ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ৩০ নভেম্বর।
এছাড়াও প্রার্থীতা আপিল ও নিষ্পত্তি হবে ১ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ২ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গণন হবে ওএমআর মেশিনে।
Related News
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন, ২৪ ঘণ্টা ধরে অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে কলেজকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed