ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়: নাহিদ ইসলাম
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রোর হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, `ফেব্রুয়ারির মধ্যেই যেন নির্বাচন হয়- এই প্রত্যাশা আমাদেরও আছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার ছাড়া সেই নির্বাচন অর্থহীন। পতিত শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত। যদি কোনো দল বা শক্তি ক্ষমতার লোভে এককভাবে সবকিছু করার চেষ্টা করে, জাতীয় ঐক্য ভেঙে ফেলে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়, তাহলে হিতে বিপরীত হবে। সংসদ টেকানো কঠিন হয়ে পড়বে এবং জনগণের আস্থা হারাবে।’
তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, `সংস্কারের পক্ষে থাকতে হবে। জুলাই সনদ কোনো দলীয় প্রস্তাব নয়, এটি জনগণের মুক্তির দলিল। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এই দেশের গণতন্ত্র পূর্ণতা পাবে না।’
নাহিদ ইসলাম আরও বলেন, `আমরা শুনেছি, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়া হবে। আমরা চাই, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে বা সংবিধান সংস্কারের প্রস্তাব এসেছে, সেগুলো গণভোটে তোলা হোক। জনগণই সিদ্ধান্ত নিক- কী থাকবে, কী বদলাবে।’
তিনি জোর দিয়ে বলেন, `নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। সংস্কারের রূপরেখা জনগণের হাতে যেতে হবে। গণভোট ছাড়া কোনো সনদ বাস্তবায়ন মানে জনগণের মতামতকে অগ্রাহ্য করা।’
এনসিপির আহ্বায়ক বলেন, `গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারির নির্বাচনের কোনো অর্থ নেই। বিচার ছাড়া নির্বাচন আয়োজন কেবলই আনুষ্ঠানিকতা- একটি কাগজের সাইন, যার মূল্য কেবল কাগজেই। বাংলাদেশের ইতিহাসে আমরা নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরেও দেখেছি, ত্রিদলীয় রূপরেখা ক্ষমতায় যাওয়ার পথ হিসেবে ব্যবহার হয়েছে, জনগণের রক্তের ত্যাগ ভুলে যাওয়া হয়েছে। আমরা আর সেই ভুল করব না।’
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed