Main Menu

সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ৪০৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রোববার (১২ অক্টোবর) প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে- আবাসন আইন লঙ্ঘনের ঘটনায়: ১২ হাজার ৪৩৯ জন; সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে: ৪ হাজার ৬৫০ জন; শ্রম আইন লঙ্ঘনের দায়ে: ৪ হাজার ৩১৪ জন।

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় ১ হাজার ৮৭৪ জন গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে ইয়েমেনি ৪৫ শতাংশ, ইথিওপিয়ান ৫৪ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ।

অন্যদিকে, ৩৬ জন প্রবাসী অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় গ্রেপ্তার হয়েছেন।

এছাড়া আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ায় ২৯ সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে দেশটিতে ৩১ হাজার ৩৪৪ প্রবাসীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন, যাদের মধ্যে ২৯ হাজার ৮৪০ জন পুরুষ এবং ১ হাজার ৫০৪ জন নারী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৩ হাজার ৮২৪ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

এছাড়া আরও ২ হাজার ৭৬৪ জনকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ১১ হাজার ৮৪৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

সৌদি আরবে অবৈধ প্রবেশে সহায়তার দায়ে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা দেওয়ার বিধান রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে এই বিষয়ে সতর্ক করে আসছে।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের ধরপাকড় ও গ্রেপ্তারের খবর প্রকাশ করছে।

Share





Related News

Comments are Closed