Main Menu

নতুন বাংলাদেশের ইশতেহার পাঠের ঘোষণা এনসিপির

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “আগামীকাল রোববার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে। একই সঙ্গে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।”

শনিবার (২ আগস্ট) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম জানান, “গত ১ জুলাই থেকে শুরু হওয়া পদযাত্রা কর্মসূচিতে দেশের ৫৯টি জেলায় আমরা মানুষের কাছে গিয়েছি, শহীদ পরিবারের সঙ্গে কথা বলেছি, আহত আন্দোলনকারীদের খোঁজ নিয়েছি এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা ও প্রত্যাশা শুনেছি। এই অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা ভবিষ্যতের রাষ্ট্র রচনার রূপরেখা তৈরি করেছি, যা রোববার জনসমাবেশে প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘গত বছরের ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রথম জুলাই ঘোষণাপত্রের দাবি তোলা হয়। আমরা আমাদের খসড়া প্রস্তাব সরকারের কাছে দিয়েছিলাম। আমরা আশা করছি, এই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা হবে এবং সব রাজনৈতিক দল তা সমর্থন করবে।’

ইশতেহারের বিষয়ে নাহিদ ইসলাম জানান, ‘এতে থাকবে তরুণদের ভবিষ্যৎ, অর্থনীতি, আইনশৃঙ্খলা, পুলিশ, প্রশাসনসহ রাষ্ট্র কাঠামোর ব্যাপারে আমাদের পরিকল্পনার বিস্তারিত। একই সঙ্গে গত এক বছরে আমাদের অর্জন ও ব্যর্থতা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।’

তিনি আরও জানান, রোববার বিকেল ৪টায় শহীদ মিনারে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ইশতেহার পাঠের পাশাপাশি আন্দোলনের ভবিষ্যৎ দিকনির্দেশনাও দেওয়া হবে।

এদিকে, ৫ আগস্ট বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন।

নাহিদ ইসলাম সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘গণঅভ্যুত্থানের সব শক্তির অংশগ্রহণে সরকারের এই পদক্ষেপ ইতিবাচক। তবে, আমরা দাবি জানাচ্ছি- ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদের বিষয়টি চূড়ান্তভাবে সুরাহা করতে হবে।’

Share





Related News

Comments are Closed