Main Menu

তেহরান থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিলেন ২৮ বাংলাদেশি

বৈশাখী নিউজ ডেস্ক: ইরানের তেহরান থেকে প্রথম দফায় দেশে ফিরছেন ২৮ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও চিকিৎসাসেবা নিতে যাওয়া রোগী।

বুধবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তারা তেহরান থেকে সড়কপথে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন।

তেহরানের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এসব বাংলাদেশি বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর করাচি হয়ে তারা দুবাই এবং সেখান থেকে বাংলাদেশে ফিরবেন।

সূত্র জানায়, ইরানে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরান থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। সংঘাত শুরু হওয়ার পর অনেক বাংলাদেশিই দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় অনেকেই এখন আর দেশে ফিরতে আগ্রহী নন।

দূতাবাস সূত্র জানায়, এখন পর্যন্ত ২৫০ জন বাংলাদেশি আনুষ্ঠানিকভাবে দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। তাদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে আছেন ৪০০ জন। দূতাবাসে তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন। এদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান;
দেশে ফিরতে আগ্রহী সকল বাংলাদেশিকে দ্রুত তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্যসহ রেজিস্ট্রেশন করার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিচের হটলাইন নম্বরগুলোতে (হোয়াটসঅ্যাপসহ) যোগাযোগ করতে বলা হয়েছে:

বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন):
+৯৮৯৯০৮৫৭৭৩৬৮
+৯৮৯১২২০৬৫৭৪৫

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন):
+৮৮০১৭১২০১২৮৪৭

 

Share





Related News

Comments are Closed