Main Menu

সিলেট বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ন্যায় আগামী ২৬ জুন সিলেটেও শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গতবারের তুলনায় সিলেট শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ৪৮২ জন। তবে, বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্র সংখ্যা।

জানা গেছে, এবার সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ৬৯ হাজার ৬৮৩ জন। গত বছর এই সংখ্যা ছিল ৮৩ হাজার ১৬৫ জন। এর আগের বছর (২০২৩ সালে) সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৩ হাজার ১২৩ জন।

এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ২৭ হাজার ৮৬৮ জন এবং মেয়ে সংখ্যা ৪১ হাজার ৮১৫ জন।

Manual8 Ad Code

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বছরের ব্যবধানে বিপুল সংখ্যক এইচএসসি পরীক্ষার্থী কমে যাওয়াকে উদ্বেগজনক হিসেবে দেখছেন শিক্ষাবিদগণ। এতে করে শিক্ষার গুণগত মান ও সিলেট শিক্ষা বোর্ডে পাশের হারে প্রভাব পড়বে বলে মনে করেন তারা।

সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জি বলেন, এক বছরের ব্যবধানে ১৩ হাজারের বেশী পরীক্ষার্থী কমে যাওয়া সিলেটবাসীর জন্য উদ্বেগজনক। এ ব্যাপারে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ও কলেজসমূহকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নতুবা শিক্ষার মান ও বোর্ডের ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।

Manual2 Ad Code

সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর মো. কবির আহমদ বলেন, এক বছরের ব্যবধানে এইচএসসিতে এত বেশী পরিমাণ পরীক্ষার্থী কমে যাওয়া উদ্বেগের বিষয়। তিনি বলেন, এর মূল কারণ চিহ্নিত করা প্রয়োজন। তিনি মনে করেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল সচেতন হলে এই পরিস্থিতির উত্তরণ সম্ভব।

তবে, এ প্রসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, কলেজগুলোতে পর্যাপ্ত সংখ্যক এইচএসসি শিক্ষার্থী না থাকায় পরীক্ষার্থী সংখ্যা কমেছে। এছাড়া, সিলেট অঞ্চলের ছাত্রদের বিদেশগমনে অতি আগ্রহ, গত বছরে পাশের হার বেশী হওয়ায় পরীক্ষার্থী সংখ্যা হ্রাস পেয়েছে বলে জানান তিনি। এতে করে পাশের হার ও শিক্ষার গুণগত মানে কোন প্রভাব পড়বে না বলেও তিনি মন্তব্য করেন ।

Manual4 Ad Code

বোর্ড সংশ্লিষ্টরা জানান, এইচএসসিতে এবার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা ১২ হজার ৯৬৮ জন, মানবিক বিভাগে ৪৭ হাজার ৫৪২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ হাজার ১৭১ জন শিক্ষার্থী রয়েছে। এবার নিয়মিত পরীক্ষার্থী সংখ্যা ৬০ হাজার ৭৩৫ জন। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৮৯৯ জন। মান উন্নয়ন পরীক্ষার্থী ২৮ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ২১ জন রয়েছে। এবার ৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর কেন্দ্র সংখ্যা ছিল ৮৭টি। গত বছর ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও এবার ৩২২টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে।

Manual3 Ad Code

জেলাওয়ারি পরীক্ষার্থীর মধ্যে সিলেটে রয়েছে ৩১ হাজার ৫১ জন, মৌলভীবাজারে ১৪ হাজার ১৪৯ জন, সুনামগঞ্জে ১২ হাজার ৭শ’ জন এবং হবিগঞ্জে ১১ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী রয়েছে।

সিলেট শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক এম সাইফুল ইসলাম জানান, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক ভিজিল্যান্স টিম গঠন করা হবে। রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষাগুলো চলবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষায় গত বছর চমক দেখিয়েছে সিলেট শিক্ষাবোর্ড। এ বোর্ডের অধীনে ৮৩ হাজার ১৬৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭১ হাজার ১২ জন। পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। প্রথমে বন্যা ও পরে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসির সবগুলো বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। কিছু বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। বাতিল পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে (বিষয় ম্যাপিং করে)।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code