কানাডায় পানিতে ডুবে প্রাণ হারালেন দুই বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় শান্ত স্টারজন লেক হঠাৎই রূপ নিলো মর্মন্তুদ এক ট্র্যাজেডিতে। প্রাণ হারালেন দুই বাংলাদেশি—বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আবদুল্লাহ হিল রাকিব এবং বাংলাদেশ বিমানের অভিজ্ঞ বৈমানিক মো. সাইফুজ্জামান গুড্ডু।
রোববার (৮ জুন) বিকেলের শান্ত লেক যেন আচমকা গিলে নিলো দীর্ঘদিনের দুই বন্ধুকে। সেদিন বিকেলে তিনজনকে নিয়ে লেকে নেমেছিল একটি ছোট নৌকা। কিন্তু হঠাৎই নৌকাটি ডুবে যায় ঠাণ্ডা অথৈ জলে। রাকিবের কিশোর পুত্র শেষ মুহূর্তে সাঁতরে তীরে উঠে বেঁচে গেলেও, পানির নিচেই নিথর হয়ে গেলেন বাকি দুজন।
স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ডাকা হয় জরুরি উদ্ধারকারী দলকে। কিন্তু সব কিছু শেষ হয়ে গিয়েছিল ততক্ষণে। উদ্ধারকারী দলের ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে কোনো লাইফ জ্যাকেট ছিল না—একটি ছোট ভুল, যার মূল্য দিতে হলো দুটি জীবনের বিনিময়ে।
দুই বন্ধুর এমন করুণ বিদায়ে কান্নায় ভেঙে পড়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। কানাডা প্রবাসী অভিনেতা টনি ডায়েস ফেসবুকে লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না। একসাথে কাটানো অগণিত মুহূর্ত… আজ সব স্মৃতি হয়ে গেল। শান্তিতে ঘুমাও ভাইয়েরা আমার।’
রাকিব ছিলেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, দেশের পোশাকশিল্পের অন্যতম পথপ্রদর্শক। আর সাইফুজ্জামান ছিলেন বোয়িং ৭৮৭ চালানো এক দক্ষ ক্যাপ্টেন, বিমানের গর্ব।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স গভীর শোক জানিয়েছে এই অকাল মৃত্যুতে। এক শোকবার্তায় বলা হয়, ‘ক্যাপ্টেন সাইফুজ্জামানের এই অপ্রত্যাশিত চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর পেশাগত দক্ষতা ও অঙ্গীকার ছিল অনন্য।’
এ ঘটনায় বিজিএমইএর সদস্যদের কাছে শোক বার্তা পাঠিয়েছেন প্রশাসক আনোয়ার হোসেন।
এদিকে, সাইফুজ্জামানের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো অফিস এ নিয়ে কাজ করছে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে।
Related News
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More



Comments are Closed