জৈন্তাপুরে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৩
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকার ধামড়ি বিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৯ নং ওয়ার্ডের তাতিকোনা গ্রামের সৈয়দ জুনেদ আলমের ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০), একই গ্রামের সৈয়দ জাহাঙ্গীর আলমের ছেলে তাহমিদ আহমদ (২০) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ খলাবাড়ি গ্রামের আবদুল হাশিমের ছেলে হাফিজুর রশিদ (১৯)।
এ দুর্ঘটনায় মাহি নামের একজন গুরুতর আহত অবস্থায় সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
নিহতদের মাঝে মোহন ও তাহমিদ আপন চাচাতো ভাই বলে জানা গেছে।
তিনজন নিহতের বিষয়টি তাদের পরিবার, জৈন্তাপুর থানা ও ওসমানী ফাঁড়ি পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। হতাহতরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
জানা যায়, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার ৪ জন তরুণ ও কিশোর প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) শুক্রবার ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার শাপলা বিলে বেড়াতে আসেন। ফেরার পথে সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মোহন ও তাহমিদ নিহত হন।
পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাফিজুর রশিদ মারা গেছেন।
এদিকে, ছাতকের মণ্ডলিভোগ গ্রামের জামিল আহমদের ছেলে মাহি (২১) গুরুতর আহত অবস্থায় সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন- দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে জানতে পেরেছি, ওসমানী হাসপাতালে আরেকজন মারা গেছেন। ঘটনাস্থলে মারা যাওয়া দুজনকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed