Main Menu

সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

এদিন রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিউর রহমান সোহেল।

এরআগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা হয় সাবেক এই এমপির বিরুদ্ধে।

উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। তিনি গত সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

Share





Related News

Comments are Closed