Main Menu

পঞ্চগড় চিনিকল চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: বন্ধ থাকা পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার দুপুরে পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ও সর্বস্তরের জনগণের আয়োজনে পঞ্চগড় পৌরসভার মিলগেট বাজারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের দুইপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

এ সময় পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক চাকুরীচ্যুত শ্রমিক-কর্মচারী, আখচাষী, মিলগেট বাজারের ব্যবসায়ী, পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা, রাষ্ট্র সংস্কার আন্দোলন পঞ্চগড় জেলা শাখার নেতাকর্মীরা সহ দুই শতাধিক স্থানীয় মানুষজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বুলেট, সাবেক শ্রমিক নেতা নায়েবুল ইসলাম, ঠাকুরগাঁও চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) আবু বক্কর সিদ্দিক, , চিনিকল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, লোকসানের অভিযোগ এনে দীর্ঘ চার বছর থেকে পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই বন্ধ রয়েছে। এতে করে হাজারও শ্রমিক বেকার হয়ে দূর্বিষহ দিন পার করছেন। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আর্কষণ করে আগামীতে চিনিকলে আখ মাড়াই কার্যক্রম চালুর জন্য জোর দাবি জানান বক্তারা।

Share





Related News

Comments are Closed