Main Menu

শাবির আবাসিক হলে মধ্যরাতে দুর্বৃত্তদের মোটরসাইকেলের মহড়ায় আতঙ্ক

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে মধ্যরাতে দূর্বৃত্তদের মোটরসাইকেলের মহড়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার খবর পেয়ে রাত তিনটার দিকে সেনাবাহিনী এসে হলে অবস্থান করা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শুভ সরকার বলেন, ৮/৯ টি মোটরসাইকেলে করে হেলমেট পড়া ২০ থেকে ২৫ জন রাত সাড়ে ১২টার দিকে হলের সামনে এসে মহড়া দিয়েছে। এসময় তাঁরা ‘হই হই রই ছাত্রলীগ গেলি কই’ বলে স্লোগান দেয়। তিন হলের সামনেই তাদের এ মহড়া দেখা গেছে। হলের নিরাপত্তাকর্মীদেরকে তাঁরা বলে গেছেন যারা এখনও হলে আছেন তারা যেন হল ছেড়ে দেন।’

তবে কে বা কারা এ মহড়া দিয়েছে তাদের কাউকেই চিনতে পারেননি বলে জানান তিনি।

শুভ সরকার বলেন, ‘আমরা তিনহলের সাধারণ শিক্ষার্থীরা যারা আছি সবার মতামত যে, আমরা হলে অবস্থান করব।’

তিনি আরও বলেন, পরবর্তীতে রাত ৩টার দিকে সেনাবাহিনী আসে। সেনাবাহিনীর টহল টিম আমাদের নিরাপত্তার জন্য আশ্বাস দিয়েছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই থাকবেন।’

বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের নিরাপত্তাকর্মী আরিফ হোসেন বলেন, আমি হল গেইটে বসে ছিলাম। হঠাৎ করে ১০ থেকে ১২টা মোটরসাইকেলে ২৫ থেকে ৩০ জন হলের সামনে এসে মিছিল দিচ্ছিল। এর মধ্যে মাস্ক ও হেলমেটধারী একজন এসে আমাকে বলে, হলে যারা আছে তারা হল থেকে যেন জুম্মা নামাযের আগেই চলে যায়। এ কথা বলেই তাঁরা বঙ্গবন্ধু হলের দিকে চলে যায়।’

গত ৮ই আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট বডিসহ বিভিন্ন দপ্তরের শিক্ষক-কর্মকর্তাদের পদত্যাগের কারণে অভিভাবকহীন হয়ে পড়েছে এ শিক্ষাঙ্গন। এতে করে পুরো ক্যাম্পাসজুড়েই বিরাজ করছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।

Share





Related News

Comments are Closed