Main Menu

বিএনপির মিছিলে হামলা: সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ ৬৪ জনের নামে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সিলেটে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মিছিলে হামলা চালানোর অভিযোগে সিলেটে আরেকটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নগরের সেনপাড়া এলাকার জুবেল আহমদ স্বপন নামে এক ব্যক্তি। তিনি ওই হামলায় আহত হন বলে এজাহারে দাবি করেছেন।

এজাহারে সাবেক পররাষ্ট্র মন্ত্র্রী ড. একে আব্দুল মোমেন, সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খানসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।

আদালত এজাহার আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদিপক্ষের আইনজীবী বেলাল আহমদ।

মামলায় সাবেক পররাষ্ট্র মন্ত্র্রী ড. একে আব্দুল মোমেন, সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন- সিলেট মহানগর পুলিশের ডিবি’র উপকমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, সিআরটি প্রধান শাহরিয়ার আল মামুন, উপ কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওছার দস্তগীর, এসআই পলাশ চন্দ্র দাস, এসআই মিল্টন রায় চৌধুরী, এসআই কল্লোল গোস্বামী, সিটি কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, জাহাঙ্গির আলম, এসএম শওকত আমিন তৌহিদ ও রুহেল আহমদ, সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার ও হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা রজতকান্তি গুপ্ত সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, যুবলীগ নেতা সাজলু লস্কর, শামিম ইকবাল প্রমুখ।

মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে ৪ আগস্ট বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন নগরীতে মিছিল বের করে। মিছিলটি সোবাহানীঘাট এলাকায় এলে অভিযুক্তরা হামলা চালিয়ে গুলি ছুঁড়ে ও বোমা বর্ষণ করে এতে তিনিসহ অনেকে আহত হন।

এরআগে একই অভিযোগে গত ২০ আগস্ট মঙ্গলবার আরেকটি মামলা করেন সাজন আহমদ সাজু নামের দক্ষিণ সুরমা সরকারি কলেজের এক শিক্ষার্থী।

ওই মামলায় সিলেট মহানগর পুলিশ কমিশনার, সিলেট সিটি করপোরেশনের সদ্যসাবেক মেয়র, সদ্য সাবেক তিন এমপিসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed