Main Menu

সিলেটে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কোর্ট পয়েন্টে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়েছে। রবিবার দুপুর ১২টায় এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক টিয়ারশেল ও সাউন্ড গ্রেণেড ছুঁড়ছে।

এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে গুলিবিদ্ধ একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে
পুলিশের পক্ষ থেকে সংঘর্ষে হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। অসহযোগ চলাকালে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১ টার দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। এতে শিক্ষার্থীদের সাথে নানা শ্রেণীপেশার মানুষও যোগ দেন।

এই এলাকায়ই জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী অফিস রয়েছে। আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার আগে থেকেই এ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থান নেয়।

বেলা ১২ টার দিকে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেণেড ছুঁড়ছে। এক পর্যায়ে পুলিশের বাধা পেয়ে মূল সড়ক ছেড়ে আশপাশের গলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তবে কিছুক্ষন পর তারা আবারো কোর্ট পয়েন্টে এসে অবস্থান নেয়। বর্তমানে তারা সেখানে অবস্থান করছে।

এদিকে এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের ফলে সিলেট নগরীতে অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা চলাচল করলেও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নগরীর বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে।

আজ আন্দোলনকারীরা কোর্ট পয়েন্টে জড়ো হওয়ার কথা এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন শহীদ মিনারের সামনে সমবেত হওয়ার কথা রয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, সিলেটে এই আন্দোলন নিয়ে জনসাধারণের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ২০ দিন ধরে চলা বিক্ষোভ-আন্দোলনে প্রায় অচল হয়ে পড়েছে সিলেট। এই পর্যন্ত আন্দোলনে সিলেটের দুজন মারা গেছেন। একজন সাংবাদিক ও অপরজন বিদ্যুৎ কর্মকর্তা। বিদ্যুৎ কর্মকর্তা যুবক শুক্রবার হবিগঞ্জে সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধি হয়ে মারা গেছেন। এ অবস্থায় অসহযোগ আন্দোলনে সিলেটের খেঁটে খাওয়া মানুষ আরও বিপদে পড়েছেন বলে তাদের মন্তব্য।

 

 

 

Share





Related News

Comments are Closed