Main Menu

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্স‍্যুরেন্স কর্মী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক তরুণ মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব উদ্দিন (২০) সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার রাউতখাই গ্রামের সুমন আহমেদের ছেলে।তিনি সিলেট নগরের বাদামবাগিচা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তিনি একটি ইন্স‍্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিহাব উদ্দিন মঙ্গলবার বিকাল চারটার দিকে একটি কাজে করিম উল্লাহ মার্কেটের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতে থাকা মোবাইল ফোন ছুঁ মেরে নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারী রানা। এ সময় শিহাব তাকে ঝাপটে ধরলে তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করে।

পথচারীরা গুরুতর আহত অবস্থায় শিহাবকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী রানা আহম্মদকে গ্রেফতার করে। সে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় বসবাস করে।তাকে বুধবার আদালতে পাঠাবে পুলিশ।

সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক কল্লোল গোস্বামী বলেন, নিহত ব্যক্তির ব্যাগ, মুঠোফোনসহ অন্যান্য সামগ্রী পাওয়া গেছে। কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহত ব্যক্তির মরদেহ ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন।

Share





Related News

Comments are Closed