Main Menu

জৈন্তাপুরে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় চোরাই পণ্য পরিবহণে ব্যবহৃত একটি টাটা ট্রাকও জব্দ করা হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপি’র দল উপজেলার ৪নং বাংলাবাজার নামক স্থানে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিজিবি শ্রীপুর বিওপির একটি চৌকষ টহল দল অভিযান চালায়। এসময় একটি ট্রাক থেকে বিভিন্ন প্রকার উন্নতমানের ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, শাল, সুয়েটার, রুমাল, বডি লোশন, ক্রীম ও বিভিন্ন ধরণের প্রসাধনী সামগ্রী জব্দ করে তারা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি টাটা ট্রাকও (ঢাকামেট্রাে-ট ২৪-৮৩২১) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ৪৪ লক্ষ ৩১ হাজার ৫শত টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিবি’র হাতে ভারতীয় অবৈধ পন্য আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন যাবত বিজিবি সীমান্তে চোরাচালান পন্য আটক করতে সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এরই অংশ হিসেবে গোপন সংবাদ পেয়ে ১৬ ডিসেম্বর রাত ৯ টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর বিওপি’র একটি চৌকষ টহলদল জৈন্তাপুর উপজেলার রাংপানি ৪নং বাংলা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিপুল পরিমান এসব পন্য আটক করা হয়েছে। এসময় ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা ভারতীয় অবৈধ মালামাল রেখে পালিয়ে যায়।

জব্দকৃত ভারতীয় এসব চোরাচালান পণ্য ও একটি টাটা ট্রাক স্থানীয় শুল্ক অফিসে জমা করা হবে লে জানান তিনি।

Share





Related News

Comments are Closed