Main Menu

কিশোরগঞ্জে ড্রামট্রাকের চাপায় ৪ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রামট্রাকের চাপায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বীর হাজীপুর গ্রামের ফালান মোড়লের ছেলে মিজানুর রহমান (২৮) ও সদর উপজেলার কামালিয়াচর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আলম মিয়া (২৪)। বাকি দুইজনের মধ্যে একজন বৃদ্ধ ও আরেকজন মাদরাসা পড়ুয়া ছাত্র। তবে নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঢাকা পোস্টকে জানান, দুপুর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত হন আরও দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

এ ঘটনায় ড্রামট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

 

Share





Related News

Comments are Closed