ভূমধ্যসাগরে ট্রলার ডুবি, নরসিংদীর ৯ যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: দালালের মাধ্যমে অবৈধভাবে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইউরোপের দেশ ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হয়েছেন নরসিংদীর বেলাব উপজেলার ৯ যুবক। এ খবরে নিখোঁজ যুবকদের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে এলাকার পরিবেশ।
শুক্রবার (১১ আগস্ট) গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন নিখোঁজ হওয়া ৯ যুবকের স্বজনরা।
নিখোঁজরা হলেন- বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০), একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে কামাল হেসেন (৩৪), ভাটের গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুন রশিদের ছেলে মনির হোসেন (২২), একই এলাকার আ. মোতালিব মিয়ার ২ ছেলে রবিউল (৩৩), রায়হান (২২), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০), দেওয়ানেরচর গ্রামের আলমাছ আলীর ছেলে ইমন (২০) ও নিলক্ষীয়া গ্রামের আমান মিয়া (২১)।
নিখোঁজদের স্বজনরা জানান, দালালের মাধ্যমে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে ইতালি যাওয়ার উদ্দেশ্যে এসব যুবক দেশ ছাড়েন। স্থানীয় দালাল দুলালকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে জাকির হোসেন এবং তার ফুফু একই এলাকার নুর কাসেমের স্ত্রী শাহিনুর।
নিখোঁজ কামাল হোসেনের ছোট ভাই জামাল মিয়া গণমাধ্যমকে বলেন, ৫-৬ মাস আগে তার ভাইকে ১২ লাখ টাকা চুক্তিতে ইতালি নেয়ার উদ্দেশ্য প্রথমে লিবিয়া নিয়ে যাওয়া হয়। বেশ কিছুদিন গেমঘরে রেখে গত বুধবার (১০ আগস্ট) রাতে নদীপথে ইতালির উদ্দেশ্যে যাত্রার ৪০ মিনিট পর বোট ডুবে যায়। জাকিরের তত্ত্বাবধানে থাকা ২০ জনের ১২ জন তীরে ফিরে আসলেও ৯ জন নিখোঁজ হন। লিবিয়ায় থাকা দালাল জাকিরের মোবাইলে ফোনে স্থানীয় মিলন মেম্বারসহ অনেকে নিখোঁজ হওয়ার তথ্য জানতে পারেন। নিখোঁজদের মধ্যে আমার ভাইও রয়েছেন।
নিখোঁজ রবিউলের ভাই ইব্রাহিম গণমাধ্যমকে বলেন, ৮ মাস আগে ভৈরবের দালাল রবিউলের মাধ্যমে লিবিয়া গিয়েছিলেন তার ভাই। কিন্তু সেখানে তাকে বৈধ কোনো কাগজ করে দেয়া হয়নি। দুলালকান্দি এলাকার দালাল জাকির হোসেন ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে ৯ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু শেষ পর্যন্ত মনে হয় ভাইকেই হারালাম।
দালাল রবিউলের স্ত্রী সাথী আক্তার গণমাধ্যমকে জানান, ১৭ দিন আগে আমার স্বামীর সঙ্গে কথা হয়, তিনি দোয়া চেয়ে জানিয়েছিলেন গেম ঘরে আছেন। বুধবারে ডেঙ্গিতে (বোট) তুলবে। এরপর আর যোগাযোগ হয়নি।
দুলালকান্দি গ্রামের বাসিন্দা নারায়ণপুর ইউপি সদস্য মিলন মিয়া গণমাধ্যমকে জানান, লিবিয়ায় থাকা জাকির হোসেনকে ফোন দিলে অন্য একজন ফোন রিসিভ করে জানান, বোট ডুবিতে জাকির হোসেনের অধীনে থাকা ২০ জনের ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বাকী ৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে অভিযুক্ত দালাল জাকির হোসেন ও তার ফুফু শাহিনুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে তারা বাড়িতে তালা দিয়ে আত্মগোপন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তানভীর আহমেদ বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে এবং লোক মুখে শুনেছি। এখনো কোন অভিযোগ আসেনি, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত তাহেরা বলেন, ইতালি যাওয়ার পথে বেশ কয়েকজন নিখোঁজের সংবাদ লোকমুখে শুনেছি। পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। নিখোঁজের বিষয়ে জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি।
এর আগে গত ২৪ জুন নৌপথে ইতালি পাড়ি দিতে গিয়ে নরসিংদীর বেলাব উপজেলার ৭ জন নিখোঁজ ও রায়পুরা উপজেলার ১ জনের মৃত্যু হয়।
Related News
মার্কিন ভিসার শর্ত ভাঙলেই স্থায়ী নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ীRead More
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More



Comments are Closed