Main Menu

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু কর্ণার চালু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্ণার ও মেডিকেল কলেজে ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যদিও ১২ জুলাই বুধবার থেকেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের
৮ম তলায় ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড ঘোষণা করে কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি জানিয়ে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত শংকর বলেন, র্ব্তমানে সিলেট জেলায় ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে তিনজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর বাকি ৯ জন বাসায় ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও সকল উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা দেয়া হচ্ছে। রোগী বাড়লে উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড চালু করা হবে।

তিনি আরও জানান, ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ার কারণে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বল্প মূল্যে ডেঙ্গু পরীক্ষা করানোর ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী এক মাস ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল দুইটা পর্যন্ত প্যাথলজি বিভাগে ৫০ টাকার বিনিময়ে ডেঙ্গু পরীক্ষা করানো যাবে।

এদিকে বুধবার (১২ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগে ১০৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭৫ জন, সুনামগঞ্জ জেলার ১২ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৮ জন বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে গত ১০ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে ও গত ৯ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপগুলো উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়-

১. ক্রমবর্ধমান ডেঙ্গুরোগীর রোগ নির্ণয় সুবিধার্থে সব সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২. সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।

৩. ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর জন্য মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, টিভিতে স্ক্রল, রেডিও বার্তা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বাড়ানো হয়েছে।

৪. ঢাকা শহরে ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর সেবা নিশ্চিত করতে মহাখালীর ৮০০ শয্যাবিশিষ্ট ডিএনসিসি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে।

৫. সব হাসপাতালে চিকিৎসকদের ডেঙ্গুবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু জ্বরজনিত মৃত্যু কমাতে আপডেটেড ডেঙ্গু চিকিৎসা গাইডলাইন সরবরাহ করা হয়েছে।

৬. স্বাস্থ্য অধিদপ্তর থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

৭. জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে ১৬২৬৩ হটলাইন সেবা চালু রয়েছে।

Share





Related News

Comments are Closed