Main Menu

আজ সিলেটে বিএনপি-যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ, সতর্ক পুলিশ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আজ রোববার পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও যুবলীগ। নগরীতে একই সময় দুই দল কর্মসূচি আহ্বান করেছে।এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ বেলা তিনটায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ‘তারুণ্যের সমাবেশ’ করবে। এ সমাবেশস্থলের অন্তত দুই কিলোমিটার দূরত্বে নগরীর রেজিস্টারি মাঠে একই সময়ে ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে পাল্টা সমাবেশ করবে যুবলীগ।

নিজেদের কর্মসূচিতে প্রচুর লোক জমায়েত করে শক্তি সম্পর্কে জানান দিতে চাচ্ছে উভয় পক্ষ। উভয় দলই কর্মসূচি সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে।

আওয়ামী লীগ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে।

রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, কর্মসূচি পালনে আয়োজকেরা শুক্রবার রাতে ও শনিবার দুপুরে একাধিক কর্মসূচি পালন করেছে। এ ছাড়া প্রচুর জনসমাগম নিশ্চিত করতে উভয় পক্ষের নেতারা এখন তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গেও যোগাযোগ রাখছেন।

Manual1 Ad Code

আয়োজকদের সূত্রে জানা গেছে, ‘তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

Manual8 Ad Code

অন্যদিকে ‘তারুণ্যের জয়যাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান।

সমাবেশের সর্বশেষ প্রস্তুতি ও সার্বিক আয়োজনের বিষয়ে জানাতে শনিবার ১২টার দিকে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নগরের কুমারপাড়া এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এতে ‘দেশ বাঁচাতে’ তারুণ্যের সমাবেশ সফল করার আহ্বান জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

Manual6 Ad Code

সুলতান সালাউদ্দিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই তারুণ্যের সমাবেশ করা হচ্ছে। চূড়ান্ত আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে চালিয়ে যেতে হবে। জনগণ এখন কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সর্বস্তরের জনগণ আন্দোলনে সম্পৃক্ত হতে শুরু করেছে। এ অবৈধ সরকার জোর করে আর ক্ষমতায় থাকতে পারবে না। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম প্রমুখ।

এদিকে ‘তারুণ্যের জয়যাত্রা’ কর্মসূচি সফল করতে জেলা ও মহানগর যুবলীগও প্রস্তুতি বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরের নয়াসড়ক এলাকায় সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে নিয়ে জরুরি বৈঠক করেছে যুবলীগ। সমাবেশ সফল করতে এ বৈঠক হয়েছে বলে যুবলীগ জানিয়েছে।

জরুরি বৈঠকে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুর রকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code