সিলেটে দূর্ঘটনায় নিহতদের লাশ বিনা ভাড়ায় বাড়িতে পৌঁছে দিলেন অ্যাম্বুলেন্সের চালকেরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাক ও শ্রমিক পরিবহন করা পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ শ্রমিকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৭ জুন) দুপুর ২টা থেকে লাশগুলোর হস্তান্তর কার্যক্রম শুরু হয়। অ্যাম্বুলেন্সের চালকেরা হাসপাতাল এলাকা থেকে ৩টার দিকে মরদেহসহ স্বজনদের নিয়ে নির্দিষ্ট গন্তব্যে রওনা হন। আর এই মরদেহগুলো বিনা মূল্যে বাড়িতে পৌঁছে দিচ্ছেন অ্যাম্বুলেন্সের চালকেরা।
ওসমানী হাসপাতাল অ্যাম্বুলেন্স মাইক্রোবাস উপকমিটির সহসভাপতি শরিফ আহমদ চৌধুরী বলেন, স্ট্যান্ডের পরিবহন শ্রমিকেরা নিজেদের ইচ্ছাতে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে বিনা মূল্যে মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। নিহত সব শ্রমিকই নিম্ন আয়ের। নিহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে। আবার কিছু একই জেলার শান্তিগঞ্জ উপজেলার এবং নেত্রকোনা জেলারও রয়েছেন।
শরিফ আহমদ জানান, সাধারণত এসব লাশ পরিবহন করতে সাড়ে ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত নিতেন চালকেরা। তবে মানবিক দিক বিবেচনা করে কোনো খরচ কিংবা টাকা ছাড়াই পরিবহন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় মৃত্যু হয় দিরাই মধুপুরের বাসিন্দা সাধু মিয়ার। তার মরদেহ পরিবহন করা অ্যাম্বুলেন্সে বসা ছিলেন নিহতের মামা লাল মিয়া। তিনি বলেন, বিনা মূল্যে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সের চালকেরা মরদেহ বাড়িতে পৌঁছে দেবেন। তাদের এমন কাজে নিহত ব্যক্তিদের স্বজনেরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed