Main Menu

গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে ১২৬ কোটি টাকা ব্যয়ে আরেকটি ব্রীজ নির্মিত হচ্ছে

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর উপর আরও একটি ব্রীজ নির্মিত হচ্ছে। ১২৬ কোটি টাকা ব্যয়ে ব্রীজটি নির্মাণের লক্ষে এলজিইডি ইতিমধ্যে টেন্ডার আহবান করেছে। খুব শীঘ্রই ব্রীজটির নির্মাণ কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ ব্রীজটি নির্মিত হলে পূর্ব সিলেটের লক্ষ লক্ষ মানুষের চলাচলের পথ আরও সহজ হবে বলে অনেকের অভিমত।

সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক শিক্ষামন্ত্রী, সিলেট-৬ আসনের এমপি নূরুল ইসলাম নাহিদ ব্রীজ নির্মানস্থল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি নদীর দু’তীরের জনসাধারনের সঙ্গে আলাপকালে বলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার তথা পূর্ব সিলেটের মানুষের দীর্ঘদিনের একটি দাবী বাস্তবায়ন হচ্ছে। এ ব্রীজটি নির্মিত হলে পূর্ব সিলেটের মানুষের যাতায়াতের পথ সুগম হবে। সেই সঙ্গে জীবন যাত্রায় ব্যাপক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন আমি এ ব্রীজটি নির্মাণের লক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করেছি। ব্রীজ নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তির লক্ষে আমি অতি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

গোলাপগঞ্জে ১২৬ কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা নদীর উপর আরো একটি সেতু নির্মাণের লক্ষে সম্প্রতি দরপত্র আহবান করায় গোলাপগঞ্জ তথা পূর্ব সিলেটের ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে আশা সঞ্চারিত হয়েছে। গোলাপগঞ্জের বহরগ্রাম শিকপুর ঘাটে কুশিয়ারা নদীর উপর এ ব্রীজ নির্মিত হলে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের পথ সুগম হবে। সেই সঙ্গে জন দুর্ভোগ ও ভোগান্তি কমে আসবে বলে অনেকের ধারণা। দীর্ঘ দিনের প্রত্যাশা অনুযায়ী এ ব্রীজটি নির্মাণের লক্ষে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ ও দরপত্র আহবান করায় স্থানীয় সরকার মন্ত্রনালয় ও সেতু বিভাগকে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও পূর্ব সিলেটের মানুষ অভিনন্দন জানিয়েছেন।

সিলেট মহানগরী বা গোলাপগঞ্জের পশ্চিমাঞ্চল থেকে গোলাপগঞ্জ উপজেলা সদর হয়ে আমুড়া ভায়া শিকপুর-বহরগ্রাম হয়ে বিয়ানীবাজার, বড়লেখা উপজেলা সহ পূর্ব সিলেটে যাতায়াতের সহজ মাধ্যম সৃষ্টির লক্ষে শিকপুর বহরগ্রাম ঘাটে কুশিয়ারা নদীর উপর ব্রীজ স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে উভয় পারের হাজার হাজার মানুষ দাবী জানিয়ে আসছিল। এক পর্যায়ে বিগত প্রায় এক দশক পূর্বে কুশিয়ারা নদীর পূর্ব পারে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা মূলক অনুষ্ঠানে আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এখানে একটি ব্রীজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। এ ব্যাপারে সাবেক শিক্ষামন্ত্রী ও স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ বিষয়টি নিয়ে বেশ গুরুত্বারোপ করেন। দেরিতে হলেও সম্প্রতি একটি দরপত্রে উল্লেখ করা হয় ১২৬ কোটি টাকা ব্যয়ে এখানে একটি ব্রীজ নির্মিত হবে।

এব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান ব্রীজটি নির্মাণের লক্ষে স্থানীয় সরকার মন্ত্রনালয় খুবই আন্তরিক। নির্মাণ কাজ দ্রুত শুরু করার লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কারিগরী সহ সকল বিষয়ে নিশ্চিত হওয়ার পর দরপত্র আহবান করা হয়েছে।

এব্যাপারে স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ খুবই আন্তরিক ভাবে কাজ করেছেন বলে উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানালেন। আগামী ৩/৪ মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ হবে বলে তিনি জানান।

গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর উপর আরো একটি সেতু নির্মাণের বিষয়টি সর্ব মহলে বেশ আনন্দের সৃষ্টি করেছে। এ উপলক্ষে গত মঙ্গলবার স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ নিজ দলীয় নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ব্রীজের নির্মাণ স্থল পরিদর্শন করে দ্রুত নির্মাণ কাজ শুরুর আশ্বাস প্রদান করেন।

Share





Related News

Comments are Closed