সংসদ থেকে মোকাব্বির খানের ওয়াকআউট
বৈশাখী নিউজ ডেস্ক: বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরাসরি বাড়ানো বা কমানোর ক্ষমতা সরকারের হাতে নিতে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল’ জাতীয় সংদে পাস হয়েছে।
রোববার (২৯ জানুয়ারী) পাস হওয়া এই বিলের বিরোধিতা করে সংসদের বৈঠক থেকে ওয়াকআউট করেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান।
এ সময় তিনি বিদ্যুৎ খাতে ইনডেমনিটির কঠোর সমালোচনা করে বলেন, ‘এই কালো আইনের আড়ালে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে।’
সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
গত ১ ডিসেম্বর রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’ আইনের এই ধারায় সংশোধন আনা হয়। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পরবর্তীতে বসা সংসদের প্রথম দিনের বৈঠকে তা সংসদে উপস্থাপন করতে হয়। সে অনুযায়ী গত ৫ জানুয়ারি অধ্যাদেশটি সংসদে তুলেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ এটি বিল আকারে সংসদে পাস হয়েছে।
বিলে বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার প্রজ্ঞাপন দিয়ে ভর্তুকি সমন্বয়ের জন্য জনস্বার্থে কৃষি, শিল্প, সার, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি কাজের চাহিদা অনুযায়ী এনার্জির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এসবের উৎপাদন বৃদ্ধি, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোক্তা পর্যায়ে ট্যারিফ নির্ধারণ, পুনর্নিধারণ বা সমন্বয় করতে পারবে।
এত দিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করত। এখন দাম বাড়ানোর জন্য এই শুনানির দরকার হবে না। সরকার প্রয়োজন মনে করলে দাম বাড়াতে পারবে।
বিলের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, পানির ট্যাংকের নিচে ফুটো থাকলে কখনও তা ভরাট করা যাবে না। যতদিন পর্যন্ত রেন্টাল, কুইক রেন্টাল থাকবে ততদিন এখানে লস থাকবে। সাবসিডিটা কি। মন্ত্রী এক্সপ্লেইন (ব্যাখ্যা) দেন। সাবসিডির নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই টাকা দিয়ে প্রাইভেট পাওয়ার প্লান্টকে সেখানে পেমেন্ট করে।
বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানোর প্রস্তাব দিয়ে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, সরকার গত ১৪ বছরে ১১ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই আইনটিকে কালো আইন আখ্যা দিয়ে মোকাব্বির বলেন, ‘বিদ্যুৎখাতে দূরাবস্থার কারণ লুটপাট আর দুর্নীতি। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘বিদ্যুতের অরাজকতা আর লুটপাট নিয়ে কথা বললে সরকারের গায়ে লাগে। প্রধানমন্ত্রী হুমকি দিয়ে বলেছেন, বিদ্যুৎ বন্ধ করে দিলে কী হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে, তিনি বিদ্যুৎ বন্ধ করতে পারেন।’
মোকাব্বির খান বলেন, ‘প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর তার নির্বাচনী এলাকার জনগণ মনে করছেন, তাদের এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হতে পারে। এ কারণে তাকে কম কথা বলার অনুরোধ করেছেন। এজন্য তিনি বেশি কিছু বলতে চান না।’
মোকাব্বির খান বলেন, অর্থনৈতিক মন্দার কারণে মানুষের নাভিশ্বাস ওঠেছে। মানুষ দিশেহারা। সামনে রমজান। এর আগে আবার বিদ্যুতের দাম বাড়ানো হলে মানুষের কষ্ট বেড়ে যাবে।
বিলের সংশোধনী দিয়ে মোকাব্বির খান বলেন, ‘বিদ্যুৎ গ্যাসের দাম বাড়লে সবকিছুর ওপর এর প্রভাব পড়ে। কিন্তু এতে সরকারের কিছু যায় আসে না। গণতান্ত্রিক সরকার আর ইনডেমনিটি, কালো আইন একসঙ্গে যায় না। মানুষের ওপর আস্থা হারালে সরকার কালো আইন করে।’
তিনি প্রশ্ন রাখেন, সরকার কি জনগণের আস্থা হারিয়ে ব্যবসায়ীদের স্বার্থে এই আইন করছে? এই আইনের একমাত্র উদ্দেশ্য বিদ্যুতের দাম বাড়ানো। তিনি বলেন, তাঁর জনমত যাচাইয়ের প্রস্তাব বিদ্যুৎ প্রতিমন্ত্রী গ্রহণ করেননি। এই বিলটি জনস্বার্থ বিরোধী। তাই তিনি নিজের সংশোধনী প্রস্তাব প্রত্যাহার করে নিচ্ছেন এবং জনস্বার্থে এই বিলের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করছেন।
জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান বলেন, ঢাকায় দিনের বেলা গ্যাস থাকে না। সকাল থেকে তিনটা চারটা পর্যন্ত গ্যাস থাকে না। গ্রামের অবস্থা আরও খারাপ। এ বিষয়ে ব্যবস্থা নিলে ভালো হয়।
বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুতে যে সাবসিডি সেটা মূলত জনগণের প্রতি ইনভেস্টমেন্ট। কুইক রেন্টাল ব্যবস্থা ছিল স্বল্পমেয়াদি ব্যবস্থা। ক্যাপাসিটি চার্জ দেওয়ার বিষয়টি বোঝাতে গিয়ে তিনি উদাহরণ দিয়ে বলেন, ১০ বছরের জন্য একটি বাড়ি ভাড়া নেওয়া হলে সেখানে থাকুন বা না থাকুন ভাড়া পরিশোধ করতে হবে। এমন বলা যাবে না যে যে কয়দিন থাকবেন সে কয়দিনের ভাড়া দেবেন। তিনি বলেন, জাতীয় পার্টির সময় বিদ্যুতের সিস্টেম লস ছিল ৪৪ শতাংশ। তার অর্ধেকই চুরি হতো। এখন সিস্টেম লস ৬৭ শতাংশ।
Related News
ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সংবিধানে ফিরছে বহুল আলোচিত গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।Read More
মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্তRead More



Comments are Closed