Main Menu

নেপালে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬৮

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য নেপালের শহর পোখারায় একটি ৭২ আসনের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারী) বিকেলে দেশটির একজন সরকারি কর্মকর্তা বিষয়টি জানিয়েছে।

এরআগে রোববার সকালে দেশটির কাস্কি জেলার পোখারায় বিমানটি বিধ্বস্ত হয়।

নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরুলা বলেছেন, উদ্ধার অভিযান চলছে। আবহাওয়া পরিষ্কার ছিল। স্থানীয় টেলিভিশনে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে এবং উদ্ধারকর্মী ও স্থানীয়দের বিমানটির ধ্বংসাবশেষের চারপাশে জড়ো হতেও দেখা যায়।

কাস্কি জেলার একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা তেক বাহাদুর কে.সি. বলেন, উদ্ধারকারীরা পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত স্থানটি অনুসন্ধান করছে এবং আরও মৃতদেহ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইয়েতি এয়ারলাইন্সের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদপত্রে উল্লেখ করা হয়, বিমানটিতে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিল।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এক টুইট বার্তায় ভয়াবহ এই দুর্ঘটনায় সরকারি সংস্থা, নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের উদ্ধারকাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পোখারা শহর কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

টুইটারে শেয়ার করা ছবি ও ভিডিওগুলোতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। সেসময় উদ্ধারকর্মীদের ও সাধারণ মানুষদের উড়োজাহাজটির ধ্বংসাবশেষের চারপাশে দেখা যায়।

Share





Related News

Comments are Closed