Main Menu

রংপুরে ট্রাক ইজিবাইক অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে ট্রাক, ইজিবাইক ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩/৪ জন।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত ভবানিগঞ্জ গ্রামের সহির উদ্দিন (৪০), পাতিলডাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শুকনাল বাসফোর (৫০), শেরমস্ত বানিয়াপাড়ার আজানুর রহমান (৪৫) ও বাঙালীপুর গ্রামের হাবিবুল্লা (৪৫)। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দুপর সড়ক ধরে চিকলির দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। অন্যজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। আর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। এছাড়া আহত তিন-চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ হস্তান্তরের জন্য তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed