সিলেটে মোবাইল নেটওয়ার্ক না পাওয়ায় ভোগান্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার অভিযোগ করেছেন নেতাকর্মীরা। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশস্থল সহ বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছেনা। নেটওয়ার্ক না পাওয়ায় নগরবাসীর নেটওয়ার্ক সংশ্লিষ্ট কাজে ব্যাঘাত ঘটছে অনেকের। মোবাইল ফোনে কথা বলা ছাড়া অন্য কোনো কাজ বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হওয়া শুরু করেন। এরই মধ্যে তারা দাবি করেছেন, শুক্রবার বিকেলের পর থেকে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। অনেক চেষ্টা করেও মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
জানা যায়, দেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপির ধারাবাহিক গণসমাবেশ চলছে। চট্টগ্রাম ছাড়া প্রায় প্রতিটি সমাবেশের দিনই সংশ্লিষ্ট এলাকায় মোবাইল ফোনের ইন্টারনেটের গতি কমে যায়। মোবাইল নেটওয়ার্ক অপারেটর সূত্র জানায়, সরকারি নির্দেশনায় তারা সমাবেশের দিন নির্দিষ্ট এলাকার ইন্টারনেটের গতি কমিয়ে দেয়।
বিএনপির প্রথম বিভাগীয় গণসমাবেশ হয় গত ১২ অক্টোবর, চট্টগ্রামে। এরপর পর্যায়ক্রমে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে সমাবেশ করেছে দলটি। চট্টগ্রাম ছাড়া পরবর্তী প্রতিটি সমাবেশের সময় মোবাইল ফোনের ইন্টারনেটের গতি কমে যেতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে সমাবেশের দিন থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। শুধু টু-জি সেবা সচল ছিল, যার মাধ্যমে শুধু মোবাইল ফোনে কথা বলা যায়। অবশ্য সমাবেশ শেষ হওয়ার পরপরই ইন্টারনেট সেবা স্বাভাবিক হয়ে যায়। তবে এ বিষয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চায় না।
বিএনপির নেতাদের অভিযোগ, পরিবহন ধর্মঘটের মতো ইন্টারনেটের গতিও সরকারের নির্দেশনায় করা হয়। যাতে বিএনপির সমাবেশ ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে না পারে এবং যোগাযোগ অ্যাপ ব্যবহার করতে না পারে, সে জন্য এমনটা করা হয়।
এদিকে সমাবেশ শুরুর আগে থেকে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া শহরের অনেক এলাকায় বিদ্যুৎবিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে। সমাবেশে যোগ দেওয়া অনেকেই অভিযোগ করেন, সকাল থেকে ফোনে ইন্টারনেট পাচ্ছেন না তারা।
সমাবেশে থাকা সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব চৌধুরী ফয়সল জানান আজ সকাল থেকে মোবাইলে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না।
পরিবহন ধর্মঘট ও ইন্টারনেটের গতি কমানোকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed