Main Menu

কমলগঞ্জে মোটরসাইকেলের আলো চোখে পড়ায় যুবককে ছুরিকাঘাত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মোটর সাইকেলের হেড লাইটের আলো চোখে পড়া নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে রকিব মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত রকিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানাীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে যোগিবিল গ্রামের ময়না মিয়ার ছেলে রকিব বাড়ি ফিরছিলেন । পথে মোটরসাইকেলের হেডলাইটের আলো চোখে পড়া নিয়ে তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন চিৎলিয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে জামাল মিয়া (৩০)। এক পর্যায়ে ক্ষুব্ধ জামাল রকিব মিয়ার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে রকিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রকিব মিয়াকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থা সংকটাপন্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শুক্রবার দুপুরে আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Share





Related News

Comments are Closed