Main Menu

সিলেটে নেই বিদ্যুৎ, যা বললেন কর্মকর্তারা

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় গ্রিডে ত্রুটির কারণে সিলেটেসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই কারণে পুরো সিলেট বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিড ট্রিপ করে (বিপর্যয় ঘটে)।

বিউবো, সিলেট অফিসের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন- ‘জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটির কারণে দেশের পাঁচটি বিভাগই বিদ্যুৎহীন। সব বিদ্যুৎকেন্দ্রও বন্ধ। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। তবে সময় লাগবে।’

এ নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম বলেন- ‘দুপুর ২ টা ৫ মিনিটে আমাদের গ্রিড ফেল হয়ে যায়। তাৎক্ষনিকভাবে আমরা সিলেট গ্রিডকে জানাই। তারাও আমাদের জানায় তাদের কাছে বিদ্যুৎ নেই। ঢাকায় যোগাযোগ করা হলে জানা যায়- জাতীয় গ্রিডে ত্রুটির কারণে সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ট্রান্সমিশন-১ সার্কিট ২৩০ কেবি ভোল্টেজ ফেল করায় এ বিপর্যয়।’

কি কারণে এ বিপর্যয় হয়েছে সে প্রসঙ্গে ফজলুল করিম বলেন- ‘এটা তো বলা যাচ্ছে না। এটা তদন্তের বিষয়। তদন্তে বিষয়টি জানা যাবে।’

সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, আজ দুপুর ২ টা ২ মিনিটে আন্ডার ফ্রিকোয়েন্সীর কারণে ব্ল্যাক-আউট হয়েছে। এ কারণে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ এর এই পরিস্থিতি স্বাভাবিক করা যথেষ্ট সময় সাপেক্ষ। বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে জাতীয় গ্রিড ও পাওয়ার প্লান্টের কর্মীরা। সবাইকে ধৈর্য্য ধরার অনুরোধ জানাচ্ছি।

এর আগে বাংলাদেশে ২০১৪ সালের ১ নভেম্বর বেলা ১১টা ২৭ মিনিট ৪১ সেকেন্ডে সারাদেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। টানা ১২ ঘণ্টা পুরো দেশে বিদ্যুৎ ছিল না। দেশজুড়ে এই ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ব্ল্যাক আউট নামে পরিচিত।

Share





Related News

Comments are Closed