Main Menu

ইবি ভিসির কার্যালয় ভাংচুর, পিএসকে হেনস্তা

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা ভিসির পিএস আইয়ুব আলীকে হেনস্তা এবং তার কক্ষে ভাংচুর করেছে বলে জানা গেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ভিসির কার্যালয়ের পিএস’র কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে, চাকরীপ্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা টিটু মিজান ও রাসেল জোয়ার্দারের নেতৃত্বে প্রায় ১৫ জন সাবেক ছাত্রলীগ নেতা-কর্মী ভিসির পিএস আই্য়ুব আলীর অফিসে তাদের চাকুরির ফাইলের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এসময় পিএস এ বিষয়ে ভিসির সাথে কথা বলতে বলেন। কথাবার্তার এক পর্যায়ে তারা তাকে হেনস্তা করেন এবং তার কক্ষে ভাংচুর করেন বলে জানা গেছে।

অফিস থেকে বের হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা প্রশাসন ভবনের ফটক অবরোধ করে অস্থায়ী চাকরিজীবী পরিষদের ব্যানারে সমাবেশ করেন।। সমাবেশে তারা উপাচার্যের পিএস ছাত্রলীগ ও বঙ্গবন্ধুর নামে কটুক্তি করেছেন বলে দাবি করেন। তবে কটুক্তিমূলক কি কথা বলেছেন প্রশ্ন করা হলে তার সদুত্তর দিতে পারেনি তারা। এসময় অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি টিটু মিজান সাধারণ সম্পাদক রাসেল জোয়াদ্দার ও শাহজাহান কবির সোহেলসহ প্রায় ত্রিশ জন চাকরীপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

ভাংচুরের বিষয়ে জানতে চাইলে টিটু মিজান বলেন, “কারা ভাংচুর করেছে তা আমরা জানি না। ফাইলের কাজ কেন হচ্ছেনা জিজ্ঞেস করলে পিএস এবিষয়ে কিছু জানেন না বলে জানান। আমরা ছাত্রলীগের কথা বললে তিনি বলেন ছাত্রলীগ দেখার সময় নাই। এরকম অনেক কিছু দেখে আসছি।”

এবিষয়ে ভুক্তভোগী আইয়ুব আলী বলেন, “তারা অফিসে এসে কিছু বুঝে ওঠার আগেই ভাংচুর শুরু করেন এবং আমাকে শারীরিকভাবে হেনস্তা করেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।”

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, “একজন কর্মকর্তার অফিসে এরকম হামলা মেনে নেয়া যায় না। আমরা এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

Share





Related News

Comments are Closed