Main Menu

গোলাপগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুবাই প্রবাসী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন কমপ্লেক্সের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম হাদিউল হক (৪৮)। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ফকিরের বাজার পাকশাইল গ্রামের বাসিন্দা। তিনি দুবাই যাচ্ছিলেন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আব্দুল হাদি দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। ছুটি কাটিয়ে হাদি মঙ্গলবার (৯ আগস্ট) দুবাই যাওয়ার উদ্দেশ্যে বড়লেখা থেকে প্রাইভেটকার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওয়ানা দেন। সকাল সাড়ে ৬টার দিকে তাদের বহনকারী কারটি বিয়ানীবাজার-সিলেট সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কের সম্মুখে পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হাদিউল হক নামের একজন নিহত হন। আর আহত হন আরও তিন যাত্রী। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। হতাহতরা সকলেই প্রাইভেট কারে ছিলেন।দুর্ঘটনার পরই ট্রাকের চালক পালিয়ে যান।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া হাদিউল হক দুবাই যাচ্ছিলেন। আজ সকালে নিজ বাড়ি থেকে সিলেট বিমানবন্দরের উদ্দেশে তিনি রওয়ানা হয়েছিলেন। পথে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক হাদিউলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তারা সবাই ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

 

Share





Related News

Comments are Closed