Main Menu

ভাঙারির দোকানে বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে তিনজন মারা গেছেন।

শনিবার (৬ আগস্ট) রাতে তারা মারা যান। তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।

নিহতরা হলেন, ভাঙারি দোকান ও গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম, আলমগীর ওরফে আলম ও রিকশাচালক নুর হোসেন (৬০)।

চিকিৎসকরা জানিয়েছেন নূর হোসেনের ৯৫ শতাংশ, গাজী মাজহারুলের ৩৫ শতাংশ ও মোহাম্মদ আলমের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার একটি ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৮ জন অগ্নিদগ্ধ হন। এর মধ্যে তিন জন মারা গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বাকি পাঁচজনের অবস্থাও শঙ্কামুক্ত নয়।

উত্তরার কামারপাড়ার ঘটনাস্থলে নিহত গাজী মাজহারুলের বাড়ি। তিনি ভাঙারি দোকানের ব্যবসা করতেন। রিকশার গ্যারেজটিও ছিল তার। মৃতের পিতার নাম. ফজলুল হক মোল্লা। নিহত নূর হোসেন (৬০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মৃত রজব আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। আর আলম জামালপুর সরিষাবাড়ী উপজেলার দিল বালিয়া গ্রামের আসাদ মিয়া ছেলে। তিনি ওই রিকশার গ্যারেজের কারিগর ছিলেন।

Share





Related News

Comments are Closed