Main Menu

জাবিতে অনুষ্ঠিত হলো ৮ম জাতীয় গণিত অলিম্পিয়ড

জাবি প্রতিনিধি: ‘গণিতের মাঝে বিজ্ঞানের বাস, গণিতে করি মেধার বিকাশ’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব(জেইউএসসি) কর্তৃক আয়োজিত হয়েছে ৮ম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২২।

শুক্রবার (১লা জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ড. মোঃ এনামুর রহমান, এমপি।

এ সময় তিনি বলেন, ‘গণিত এমন একটি বিষয় এটাকে আমরা বলি বিজ্ঞানের মূল। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। এ বাংলাদেশ গড়তে হলে আমাদের অনেক প্রযুক্তিবিদ তৈরি করতে হবে। এই প্রযুক্তিবিদ তৈরি করতে হলে ছাত্রছাত্রীদের বেশি বেশি বিজ্ঞানের দিকে আকর্ষণ করাতে হবে। আমি মনে করি, অলিম্পিয়াড বিজ্ঞানের দিকে ছাত্রছাত্রীদের বেশি আকর্ষিত করবে। আজকে যারা অলিম্পিয়াডে অংশ গ্রহন করেছেন তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই।’

জাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক আলমগীর কবীর বলেন, ‘মন্ত্রী মহোদয়ের এতো ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। জাহাঙ্গীরনগর সায়েন্স ক্লাব তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে। সাভার এলাকার প্রয় দুইশো স্কুল থেকে পাঁচ হাজার শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহন করেছে।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক জেসমীন আখতার, অধ্যাপক এম. মেজবাহউদ্দিন সরকার(আইআইটি), অধ্যাপক মো. শরিফ হোসেন(জেনেটিক ইঞ্জিনিয়ারিং), জাবি সায়েন্স ক্লাবের সাবেক উপদেষ্টা অধ্যাপক শফি মুহাম্মদ তারেক(পরিবেশ বিজ্ঞান), সিনেট সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল তানভীর, জাবি সায়েন্স ক্লাবের সভাপতি জাকিরুল ইসলাম, জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আআখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন এবং জাবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল জলিল ভূঞা।

উল্লেখ্য, জাবি সায়েন্স ক্লাব প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারতায় গণিত অলিম্পিয়াড, জাতীয় বিজ্ঞান মেলাসহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, সভা ও সেমিনারের আয়োজন করে থাকে। ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘নিউক্লিয়াস’ এবং ‘অরবিটাল’ এর মাধ্যমে ক্লাবটি বিজ্ঞানের বার্তা ছড়িয়ে দিচ্ছে। তাছাড়া, আন্তর্জাতিক পোস্টার প্রতিযোগিতায় জাবি সায়েন্স ক্লাব গোল্ডেন এওয়ার্ডে ভূষিত হয়েছে।

Share





Related News

Comments are Closed