Main Menu

কোম্পানীগঞ্জে অস্ত্রের মুখে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অস্ত্রের মুখে এক পাথর ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দর্বৃক্তরা। বুধবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাড়ুয়া সাকেরা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যবসায়ী বশির মিয়া কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি ইসলামপুর গ্রামের ইমামুল হকের পুত্র।

ব্যবসায়ী বশির মিয়া জানান, ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় ‘আল্লাহ ভরসা ক্রাশার মিল’ নামে তাঁর একটি পাথর ভাঙার মিল রয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাথর বিক্রির দেড় লাখ টাকা নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাড়ুয়া সাকেরা এলাকায় পৌঁছালে ছিনতাইকারী দল আরেকটি অটোরিকশায় এসে তার গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে সাথে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে দেড় লাখ টাকা ছিল বলে জানান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share





Related News

Comments are Closed