Main Menu

বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ১০ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টায় উজিরপুরের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১০ জনের মধ্যে ৭ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- রমজান আলী (৪০), ঝালকা‌ঠি সদর উপজেলার নেয়ড়ী এলাকার ম‌নির হো‌সেন হাওলাদা‌রের ছে‌লে আরাফাত হো‌সেন হাওলাদার (৯), পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া উপ‌জেলার উত্তর ভেচ‌কি এলাকার কুদ্দুস আক‌নের ছে‌লে নজরুল ইসলাম আকন (৩৫), একই উপ‌জেলার ভেচ‌কি এলাকার রা‌কিব আক‌নের স্ত্রী আ‌নোয়ারা বেগম (২০), বরগুনার বেতাগী উপ‌জেলার কা‌জিরবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছে‌লে হা‌লিম মিয়া (৩১), ফ‌রিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার মৃত আওলাদ আলীর ছে‌লে সেন্টু মোল্লা (৫০) ও ব‌রিশা‌লের উ‌জিরপুর উপ‌জেলার মুন্ডুপাশা গ্রা‌মের মনোরঞ্জন শী‌লের ছে‌লে মাধব শীল (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ। তিনি বলেন, গাড়িটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভাণ্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ২০ যাত্রী আহত হন। নিহত ১০ জনের মধ্যে একটি শিশু রয়েছে।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও জানান, গাড়িটি গাছ ছিরে ভেতরে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. প্রণব রায় শুভ বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed