Main Menu

গৃহকর্মী সেজে স্বর্ণসহ ২৮ লাখ টাকার মালামাল লুট

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গৃহকর্মী সেজে ৩৬ ভরি স্বর্ণসহ ২৮ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ চুরি যাওয়া প্রায় ২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন জোসনা খাতুন ও তার সহযোগী জামাল হোসেন।

শুক্রবার (২৭ মে) ভাটারা থানা পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা নাজমুল হুদা গত ২১ মে বাসা থেকে সাড়ে ৩৬ ভরি স্বর্ণালংকার, ডায়মন্ডের একটি নেকলেস ও দুটি রিং, নগদ ১০ হাজার টাকাসহ মোট ২৮ লাখ ১৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে জানিয়ে থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ মে তার বাসায় জোসনা খাতুন নামে একজনকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন। এর তিন দিন পর ওই গৃহকর্মী কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। পরদিন নাজমুল হুদার স্ত্রী দেখতে পান বাসার স্বর্ণালংকার চুরি গেছে।

ভাটারা থানার ওসি সাজেদুর রহমান জানান, ভাটারা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৫ মে জোসনা খাতুন ও তার সহযোগী জামাল হোসেনকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে চুরি হওয়া ২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। বাকি স্বর্ণালংকার এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, জোসনা ও জামাল একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা ঢাকার বিভিন্ন স্থানে কৌশলে বাসার গৃহকর্মী হিসেবে কাজে যোগ দিয়ে মূল্যবান জিনিসপত্র চুরি করে।

 

Share





Related News

Comments are Closed