ঢাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দুদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিপেটায় আহত হন কমপক্ষে ৩০ নেতাকর্মী। এ সময় পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার (২৪ মে) মিছিলের শুরুতেই হাতাহাতি আর কথাকাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্য সংঘর্ষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষে জড়ান ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীরা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও ক্যাম্পাসে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদের সকাল সাড়ে ৯টার দিকে পূর্বঘোষিত বিক্ষোভ-কর্মসূচি পালনের উদ্দেশ্যে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করলে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রলীগের কর্মীরা তাদের বাধা দেয়। তখনই বাধে সংঘর্ষ।
একপর্যায়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। দুপক্ষই মুখোমুখি অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।
পরে ছাত্রদলের কর্মীরা ঢাকা মেডিকেলে অবস্থান নিলে ছাত্রলীগের কর্মীরা তখন শহীদ মিনারসহ পুরো ক্যাম্পাসজুড়ে অবস্থান নেয়। সকাল সাড়ে ১১টার দিকে আবারও দোয়েল চত্বরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এ সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৩০ জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে সকাল ৯টা থেকে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনারসহ ক্যাম্পাসেই গুরুত্বপূর্ণ সব মোড়ে অবস্থান নেয় এবং ছাত্রদল বিরোধী খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগান দিতে থাকে। এসময় তাদের কিছু কিছু নেতাকর্মীর হাতে লাঠি দেখা যায়। ‘ছাত্রদলের গুন্ডারা হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দেয় তারা।
ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন– রাশেদ (২২), রেজা (২২), তারেক হাসান (২৭), মুনসুর আনম (২৩), ওমর হোসেন (৩০), আবু আফসার (৩২), সাজ্জাদ (৩০), মিলন (২৮), আকাশ সিজন (২০), ওমর (৩২), ইব্রাহিম (১৮), জাহাঙ্গীর (৩০), সেলিম (২০), ওমর ফারুক (২৯), সজীব (৩১), আবুল কালাম (৩১), সজিব মজুমদার (৩১), রয়েল (৩২), হাসিব (২২), বাপ্পি (২০), মামুল (২২), রামেল (২৭), টিপু (১৮), শরীফ (২০), শিরিন (৩০), এনামুল (৩০), সুমাইয়া আফরিন (৩০), লিয়ন (২৫), সবুজ (২৩), হোসনে আরা (৩২), মুস্তাফিজুর (৩৩), রাকিব (৩২), আওয়াল আহমেদ (২৫), বিধান (২১), তন্নি মল্লিক (২৬), ইমরান মীর (৩০), সাগর (২৩), কামরুল ইসলাম (২৬), তানভীর আহমেদ (২৭), বিল্লাল চৌধুরী (২৬), ইব্রাহিম (৩০), জাহিদ পরভেজ, মিনহাজুল আবেদীন নান্নু (২৯) জাহিদ (৩২) ও রাকিবুল ইসলাম রাকিব (৩১)।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল শহীদ মিনার এলাকা হয়ে ক্যাম্পাসে ঢুকছিলাম। সেসময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বাধা দেয়। আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রড, স্ট্যাম্প, হকস্ট্রিক ও ছুরি তারা দিয়ে আমাদের ওপর আক্রমণ চালায়।
তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় আমাদের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক ইজাজুল করিম এবং সদস্য মানুসূরা গুরুতর আহত হয়ে জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। অন্তত ৩০ জন নেতাকর্মীর আহত হয়েছেন, সবাই চিকিৎসা নিচ্ছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।
ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল, বঙ্গবন্ধু হল, জগন্নাথ হলের ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। আমাদের ৩০-৪০ জন হাসপাতালে ভর্তি। নেতাকর্মীদের চিকিৎসা দিয়ে আমরা আবারও ক্যাম্পাসে ঢুকব এবং আন্দোলন চালিয়ে যাব।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, সাম্প্রতিককালে ছাত্রদলের নেতাকর্মী ক্যাম্পাসে বিভীষিকা ছড়ানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আজও ক্যাম্পাসে দেশীয় অস্ত্র-শস্ত্র ও বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল। সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ছাত্রলীগ ছাত্রদের এ অবস্থানকে সমর্থন জানাচ্ছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed