চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ সোমবার
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে সৌদিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে সোমবার (২ মে)।
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।
অর্থাৎ ওই অঞ্চলে রোববার (১ মে) রমজান মাসের ৩০দিন পূরণ হবে এবং এর পরের দিন সোমবার (২ মে) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। খবর গালফ নিউজের।
শনিবার সকালে এক বিবৃতিতে আইএসি জানিয়েছে, তারা রমজানের শেষদিকের অতিসরু চাঁদটি কোনোমতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যার অর্থ, আজ ইসলামী বিশ্বের দেশগুলো থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।
এরপরও সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি দেশটির সব মুসলিমকে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান বা শাওয়াল মাসের চাঁদ দেখা গেল কি না; তা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের অন্ত নেই। মাস দুটোর শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত যেদিন রোজা শুরু বা শেষ হয়, বাংলাদেশে হয় তার পরদিন।
ফলে শনিবার ওইসব দেশে চাঁদ দেখা গেল কি না তা জানতে অধীর হয়ে রয়েছে মানুষ।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ বছর আমিরাতে রোজা পালন শুরু হয়েছিল গত ২ এপ্রিল। সৌদিতে চাঁদ দেখার খবর সামনে আসার পরপরই ওইদিন থেকে রোজা পালনের ঘোষণা দেয় প্রতিবেশী দেশটি।
এর আগেই অবশ্য বেশ কয়েকটি দেশ এ বছর রমজান শুরুর দিনক্ষণ ঘোষণা করে।
ইমাম কাউন্সিল অব সাউথ অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিশ্চিত করে, ১ এপ্রিল অস্ট্রেলিয়ায় রমজানের চাঁদ দেখা যাওয়ায় ২ এপ্রিল থেকে রোজা পালন শুরু হবে। মিসরেও পবিত্র রমজান শুরু হয় ২ এপ্রিল থেকে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩০ এপ্রিল) সৌদি আরবের ‘চাঁদ দেখা কমিটি’-এর পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগেই দেশটির নাগরিকরা কোথাও চাঁদ দেখতে পেলে সেই তথ্য কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।
এদিকে শনিবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে রোববার ৩০ রোজা পূরণ করে ২ মে সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। ওইদিন সৌদির সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতেও ঈদ উদযাপিত হবে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়েছিল ৩ এপ্রিল থেকে। ফলে এসব দেশে ২৯ রোজা হলে সোমবার (২ মে) এবং ৩০ রোজা হলে মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed