Main Menu

ইফতারে অতিথি করা নিয়ে সিলেটে বিএনপি নেতাকে ডিম নিক্ষেপ, মারধর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির ইফতার আয়োজনে অতিথি নিয়ে ঘটলো তুলকালাম কাণ্ড। একপক্ষের হাতে নির্যাতিত ও লাঞ্ছিত হতে হলো মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরীকে। প্রতিপক্ষ দলীয় নেতাকর্মীরা সভাকক্ষে তার উপর ডিম নিক্ষেপ করে। এমনকি হেনস্তা করে বাইরে নিয়ে এসে মারধর করে। এ ঘটনায় এমদাদ চৌধুরী আহত হয়েছেন।

বুধবার (২৭ এপ্রিল) মধ্যরাতে নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর বাসায় এ ঘটনা ঘটে।

দলের প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন ধরেই মহানগর বি্এনপির ইফতার মাহফিলে অতিথি করা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দানা বাধে। একটি পক্ষ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে অতিথি করতে মরিয়া হয়ে ওঠেন। আর লন্ডন থেকে নির্দেশনা রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে প্রধান অতিথি করার। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল হাসান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালসহ তাদের বলয়ের নেতাকর্মীরা।এ সময় তাদের মতের বিরোধীতার করেন মহানগর যুগ্ম আহ্বায়ক এমদাদ চৌধুরী। ইফতার মাহফিলে অতিথি নিয়ে রাতে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর বাসায় বৈঠক বসে। ওই বৈঠক চলাকালে রাত ১২টার দিকে আম্বরখানা চৌকিদেখির একটি গ্রুপের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সভাকক্ষে এমদাদ হোসেন চৌধুরীকে ডিম নিক্ষেপ করেন। তার উপর ছুঁড়া ডিম অন্যদের উপরও পড়ে কাপড় নষ্ট হয়। এরপর হামলাকারীরা এমদাদ চৌধুরীকে নেতৃবৃন্দের সামনে দিয়ে টেনে হিঁচড়ে বাইরে বের করে মারধর করে। এ ঘটনায় উপস্থিত অনেক নেতারা বেরিয়ে এসে ক্ষোভ প্রকাশ করলেও মারধরের সময় ভয়ে প্রতিবাদ করতে যাননি।

দলীয় সূত্র আরো জানায়, স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে ইফতার মাহফিলে প্রধান অতিথি করা হলে খন্দকার আব্দুল মুক্তাদিরের অবস্থান নীচে নেমে আসবে। যে কারণে তার পক্ষ হয়ে ফরহাদ চৌধুরী শামিমসহ নেতাকর্মীরা বিরোধীতা করেন।

এ বিষয়ে লাঞ্ছিত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়ায় তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

 

Share





Related News

Comments are Closed