Main Menu

জাবির বঙ্গবন্ধু হলের গণরুমকে বানানো হচ্ছে রিডিং রুম

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গণরুমকে রিডিং রুম বানানোর পরিকল্পনা করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওয়ার্ডেন প্রফেসর মোঃ এজহারুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি গণরুমকে রিডিং রুম হিসেবে চালু করার। এ বিষয়ে যা যা করা দরকার তা করার পদক্ষেপ নিচ্ছি। আমরা কিছু টেবিল চেয়ার ইতোমধ্যেই রিডিং রুমে দিয়েছি। বাকিটা ছাত্রদের রেসপন্সের উপর নির্ভর করতেছে। তাদের রেসপন্স ভালো হলে আমরা সুযোগ-সুবিধা আরও বাড়াবো। তাদের রেসপন্স এর উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নিব।’

এতদিন রিডিং রুমকে গণরুম হিসেবে কেন ব্যবহার করা হতো জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমাদের হলগুলোতে যে সিট সংকট এইটা কারও অজানা নয়। তবে এবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের গণরুমে রাখা হয়নি। আশা করছি পরবর্তী ব্যাচকেও গণরুমে রাখতে হবে না। অনেকদিন থেকে এই গণরুম খালি পড়ে থাকায় এটাকে রিডিং রুম হিসেবে চালু করার পরিকল্পনা।’

এবিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘হলে একটা বড় রিডিং রুম খুবই দরকার। বর্তমান ছোট রিডিং রুমে সব শিক্ষার্থী পড়াশোনা করার সুযোগ পায়না। আর প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য নিজ রুমে পড়াশোনা করা প্রায় অসম্ভব। এছাড়া, কেন্দ্রীয় লাইব্রেরিতেও শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সিট সংখ্যা যথেষ্ট নয়। তাই আমাদের হলের এই গণরুমকে রিডিং রুম হিসেবে চালু করলে অন্তত হলের সবাই পড়াশোনা করার সুযোগ পাবে বলে মনে করি।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু হলের গণরুম আসলে রিডিং রুম হিসেবে নথিভুক্ত। তবে হলে সিট সংকটের কারনে একে গণরুম হিসেবে ব্যবহার করা হতো। আর, এতদিন হল সংসদে স্বল্প পরিসরে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার ব্যাবস্থা ছিল। খুব কম সংখ্যক শিক্ষার্থীই এখানে পড়াশোনার সুযোগ পেত।

Share





Related News

Comments are Closed