Main Menu

অন্তু’র আত্মহত্যার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি: অন্যায্য ফি’র চাপে কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) শিক্ষার্থীরা। সকল বিশ্ববিদ্যালয়ে নামে-বেনামে আরোপিত অন্যায্য সকল ফি বাতিল করা এবং শিক্ষা ক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করে সকল শ্রেণির মানুষের শিক্ষার অধিকার বাস্তবায়নের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে ‘শিক্ষার্থীরা আত্মহত্যা করে, প্রশাসন কি করে!’, ‘টাকা যার শিক্ষা তার এই নীতি মানি না’, ‘অন্তু ভাই মরলো কেনো শেখ হাসিনা জবাব চাই’, ‘পড়তে এসে লাশ কেনো শেখ হাসিনা জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচে অবস্থান নেয়।

এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘যারা এখানে আমাদের শুনছেন, অনেকে এখানে দোকান কর্মচারী, গার্মেন্টস শ্রমিক আছেন, আপনাদের সন্তানরা কেনো এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না! বিশ্ববিদ্যালয়ের ফী এমন করে বাড়ানো হচ্ছে আপনার সন্তান চাইলেও পড়তে পারবে? সাভারের অটো রিকশা চালক পুলিশকে বিশ হাজার টাকা জরিমানা দিতে পারে নাই বলে আত্মহত্যা করেছেন, শরীয়তপুরের ছাত্রী দুইশ টাকা দিতে পারে নি বলে আত্মহত্যা করেছে, বিশ্ববিদ্যালয়ের ফী দিতে পারেনি বলে কুয়েট শিক্ষার্থী অন্তু আত্নহত্যা করেছেন। এসবের দায় রাষ্ট্রের।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বাধীন হলেও সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের মদদে ক্রমাগত আমাদের ফী বাড়ায়। এতে করে আপনাদের সন্তানরা সুযোগ পেয়েও ক্রমবর্ধমান ফী এর চাপে পড়তে পারে না। যদি কুয়েটের মেধাবী শিক্ষার্থী অন্তু রায়ের মত আর একটি শিক্ষার্থীরও আত্মহত্যার দিকে যেতে হয় তবে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, আমরা দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়ে যাব। স্বৈরাচার আইয়ুব খান বলেন, এরশাদ বলেন সবাইকে ছাড়িয়ে গেছেন এই শেখ হাসিনা। আমরা বলতে চাই, শিক্ষা ক্ষেত্রে ফি বৃদ্ধির এইসব পাঁয়তারা বন্ধ না করলে এই চল্লিশ জন নিঃসন্দেহে চল্লিশ হাজার জন হবে, এক লক্ষ জন হবে, দশ লক্ষ জন হবে। তখন আইয়ুব খানের মত এরশাদের মত দেশ ছেড়ে পালানোর জায়গা খুঁজে পাবেন না।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি আবু সাইদ বলেন, ‘প্রথমে কুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা, পরে শরীয়তপুরের অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা। এইযে প্রতিনিয়ত আত্মহত্যার মিছিল এটা রাষ্ট্রের ভঙ্গুরতার বহির্প্রকাশ। শিক্ষা একটি মৌলিক অধিকার, রাষ্ট্রকে মৌলিক অধিকার নিশ্চিতে দায়িত্ব নিতে হবে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সামি আল জাহিদ প্রীতম বলেন, ‘অন্তু রায়ের আত্মহত্যা প্রমাণ করে শিক্ষা ব্যাবস্থা শুধু ধনীদের জন্যে, আমরা চাই এই ব্যবস্থার পরিবর্তনে রাষ্ট্র আশু ব্যবস্থা নিবে।’

ধারণা করা হচ্ছে, হলের বকেয়া টাকা পরিশোধ করতে না পারায় এবং অন্যায্য ফির চাপে অন্তু রায় গত সোমবার (৪ এপ্রিল) আত্মহত্যা করেছে।

Share





Related News

Comments are Closed