Main Menu

টিপ নিয়ে স্ট্যাটাস, সিলেটের কোর্ট পরিদর্শক ক্লোজড

বৈশাখী নিউজ ডেস্ক: ‘টিপ’ নিয়ে স্ট্যাটাস দেয়ায় সিলেটে কোর্ট পুলিশ পরিদর্শক মো: লিয়াকত আলীকে ক্লোজড করা হয়েছে। সিলেট জেলা পুলিশের মুখপাত্র (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে পুলিশ সুপার বিষয়টি অবগত হয়ে তাকে ক্লোজড করার নির্দেশ দেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এর আগে পুলিশ কর্মকর্তা মো: লুৎফুর রহমান জানান, কোর্ট পুলিশ পরিদর্শকের ফেইসবুক স্ট্যাটাসের বিষয়ে তারা অবগত হয়েছেন। ওই কর্মকর্তা এরই মধ্যে স্ট্যাটাসটি মুছে ফেলেছেন জানিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা রয়েছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

সিলেট সদর কোর্ট পরিদর্শক মো: লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে এ স্ট্যাটাসটি দিয়েছিলেন। তিনি বলেন, টিপ মেয়েরা পড়ে। আমার ওয়াইফও পড়ে। পুরুষরা নারীর লেবাস পড়ে প্রতিবাদ জানানোর কারণেই তিনি ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছিলেন। তিনি বলেন, পোস্ট ভাইরাল করা আমার মূল মোটিভ ছিল না। তিনি নারী বিদ্বেষী কর্মকর্তাও নন। তার পোস্ট নিয়ে বিভিন্নজনের আলোচনার প্রেক্ষিতে তিনি পোস্টটি ডিলিট করেছেন বলে জানান।

জানা গেছে, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী তিন মাস পূর্বে সিলেট সদর কোর্টে যোগদান করেন। এর আগে তিনি কয়েক মাস সুনামগঞ্জে দায়িত্ব পালন করেন। মূলত তিনি চট্টগ্রাম বেল্টের কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed