Main Menu

সিলেটে তাহেরির মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে আলোচিত-সমালোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর দায়ের করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক মোঃ আবুল কাশেম এ নির্দেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে আদালতে হাজির হয়ে মামলার আবেদন করেন তাহেরী।

মামলার আবেদনে তাহেরী অভিযোগ করেন, তার সাথে কোনোরকম যোগাযোগ না করেই গত ২২ মার্চ সিলেটের বালাগঞ্জ উপজেলার পৈলনপুরে ইসলামি সুন্নি মহাসম্মেলনে হাজির থাকার কথা উল্লেখ করে প্রচারণা চালানো হয়। মাহফিলের পোস্টারেও তার নাম ছাপানো হয়। মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তাহেরীর পিএস দাবিদার এক ব্যক্তিকে মাহফিল কমিটি ৩৩ হাজার টাকা দিয়েছে বলে দাবি করে। তবে ওই ব্যক্তিকে তিনি চেনেনই না বলে দাবি করেন তাহেরি।

তাহেরি আরও অভিযোগ করেন, মাহফিলের আয়োজকরা ফেসবুক ইউটিউবে তার নামে নানারকম অপপ্রচার ও কুৎসা রটনা করে। তার বিরুদ্ধে মিছিল করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় আয়োজক কমিটি। সিলেটে তাকে অবাঞ্চিতও ঘোষণা করে তারা। এতে তার মানহানি হয়েছে বলে অভিযোগ করেন তাহেরি।

মামলাটি তদন্তের মাধ্যমে তদন্তপূর্বক দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

উল্লেখ্য, মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি ওয়াজ মাহফিলে আসেননি- এমন অভিযোগ ওঠে গত ২২ মার্চ মঙ্গলবার। এদিন বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করেছিলেন স্থানীয়রা।

Share





Related News

Comments are Closed