জাবিতে নেপালি নাট্যশালার ‘আমি শেখ মুজিব’ নাটক মঞ্চায়িত
জাবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাঙালি—সুইডিশ কবি আনিসুর রহমানের লেখা এপিক মনোলগ ‘আমি শেখ মুজিব’ নাটক মঞ্চায়িত হয়েছে। নাটকটি পরিবেশন করে নেপালের শীর্ষস্থানীয় নাট্যশালা ওয়ান ওয়ার্ল্ড থিয়েটার।
মঙ্গলবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের থিয়েটার ল্যাব—১ এ নাটকটি মঞ্চায়িত হয়। এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে এটি কাঠমান্ডুতে প্রদর্শিত হয়।
বঙ্গবন্ধুর দীর্ঘ পথপরিক্রমা নিয়ে লেখা এপিক মনোলগ ‘আমি শেখ মুজিব’। প্রত্যন্ত জনপদ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে বঙ্গবন্ধু কিভাবে ধাপে ধাপে বাঙালির জাতিরাষ্ট্রের স্থপতি হলেন, দেশ ও দেশের মানুষকে মুক্তির পথ দেখালেন সে সম্পর্কেই ফুটিয়ে তোলা হয়েছে এই পরিবেশনায়।
নাটকটির নির্দেশনা এবং অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালের নাট্যশিল্পী ও নির্দেশক রাজকুমার পুদাসাইনি। নেপালি ও ইংরেজি ভাষায় প্রযোজিত হলেও নির্দেশনা বৈচিত্র্যের প্রয়োজনে কয়েকটি বাংলা সংলাপ রাখা হয়েছে। বাংলা কণ্ঠ সংযোজনে সাহায্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ (শৈবাল) এবং শিক্ষার্থী নওরীন নিপু ও হৃদয় বসাক।
নাটকটি সম্পর্কে আনিসুর রহমান বলেন, ‘মহাকাব্য ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে স্বগতসংলাপটিতে ভারতবর্ষের বিশ শতকের ইতিহাসের ঘটনাক্রম এবং বাংলাদেশের জন্মের গল্প উপজীব্য হয়েছে। মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধুর প্রয়াণের মধ্য দিয়ে নাটকটির পরিসমাপ্তি ঘটেছে।’
উল্লেখ্য, এপিক মনোলগটির মূল বাংলা ভাষ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আর্টস বিভাগ ২০১৬ সালে প্রথম প্রকাশ করে। পরে এটি বই আকারে প্রকাশ করে বাংলাদেশের অনন্যা প্রকাশনী। ইতোমধ্যে এপিক মনোলগটি ইংরেজি, সুইডিশ, নেপালি, ফার্সি, সোয়াহিলি, স্প্যানিশ, রাশিয়ান, ফরাসি, জার্মানসহ দশের অধিক ভাষায় অনূদিত হয়েছে। তাছাড়াও বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কেনিয়ার কিসি বিশ্ববিদ্যালয়, বৃটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়, সুইডেনের লুন্দ বিশ্ববিদ্যালয় এবং বিকস (ফল্কহগস্কোলা) একাডেমিসহ নানা প্রতিষ্ঠানের পাঠ্যসূচি আর সেমিনার কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। ‘আমি শেখ মুজিব’ বইটির ইংরেজি সংস্করণ ইউরোপ এবং আমেরিকা থেকে একযোগে প্রকাশিত হয়েছে।
Related News
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপ নামে একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তিRead More



Comments are Closed