Main Menu

কার্ড থাকবে পকেটে; লেনদেন হবে স্পর্শবিহীন

বৈশাখী নিউজ ডেস্ক: ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তিতে স্পর্শবিহীন লেনদেনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডেবিট কার্ড দিয়ে লেনদেন করতে হলে নিজের কার্ডটি অন্য একজনের হাতে কিছুক্ষণের জন্য তুলে দিতে হয়, যা নিরাপত্তার জন্য একরকমের হুমকি। সেদিকে নজর রেখে মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ ব্যাংক তাদের দেওয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, এখন থেকে ডেবিট কার্ড স্পর্শ না করেই এনএফসি সুবিধার মাধ্যমে লেনদেন করতে পারবে। এর আগে ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতারা এনএফসি সুবিধা গ্রহণ করতে পারতেন।

এই প্রযুক্তিতে চার সেন্টিমিটার দূরে কার্ড রেখে লেনদেন করা যাবে। তবে পিনসহ অন্যান্য নিরাপত্তাব্যবস্থা বহাল থাকবে। ফলে লেনদেনের জন্য কার্ড কারও হাতে অথবা পয়েন্ট অব সেলসে দিতে হবে না।

বাংলাদেশের ব্যাংকের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, এনএফসি প্রযুক্তিতে কার্ডের লেনদেন সহজ ও গতিশীল হওয়ায় ক্রেডিট কার্ডের মাধ্যমে এ ধরনের সেবার ব্যবহার জনপ্রিয় হয়েছে। গ্রাহকের চাহিদা বিবেচনায় ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট ও প্রিপেইড কার্ডের লেনদেনেও এই প্রযুক্তির ব্যবহার করলে ইলেকট্রনিক লেনদেন বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

নির্দেশনায় বলা হয়, ইএমভি চিপ প্রযুক্তিসম্পন্ন ডেবিট ও প্রিপেইড কার্ডে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে লেনদেন পরিচালনা করা যাবে। ইএমভি চিপ হলো ইউরো পে, মাস্টারকার্ড ও ভিসার উদ্যোগে নির্মিত বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্যসম্পন্ন চিপ। এনএফসি প্রযুক্তির মাধ্যমে ডেবিট ও প্রিপেইড কার্ডে প্রতিবার সর্বোচ্চ তিন হাজার টাকা লেনদেন করা যাবে। একই সঙ্গে এই লেনদেনে দুই স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থার বিধান শিথিল করা হয়েছে। তবে খুদে বার্তায় এ ধরনের প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে গ্রাহককে জানাতে হবে। যেসব ব্যাংক এসব কার্ড দেবে, তারা এর মাধ্যমে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করতে পারবে।

উল্লেখ্য, জানুয়ারি মাসে দেশে ডেবিট কার্ড ছিল ২ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৬৬৮টি। আর ক্রেডিট কার্ড ছিল ১৮ লাখ ৮৮ হাজার ৯২৩টি। এ ছাড়া প্রিপেইড কার্ড ছিল ১১ লাখ ৯৮ হাজার ৪৫২টি।

Share





Related News

Comments are Closed