Main Menu

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে হত্যার হুমকি, থানায় জিডি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান থানাধীন দত্তগ্রাম খিদিপুর গ্রামে স্ত্রীকে পরকীয়ায় বাধা প্রদান এবং মামলা দেওয়ায় স্বামীকে প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৭ ফেব্রুয়ারি) স্বামী মো. মুরাদ আহমদ শাহপরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। যার নং ২৭।

ভুক্তভোগী মুরাদ আহমদ দত্তগ্রাম খিদিরপুর গ্রামের মো. আফতাব মিয়ার ছেলে।

পরকীয়ার ঘটনায় মুরাদ আহমদ ২০২১ সালের ১ নভেম্বর সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে স্ত্রী রাবিয়া সুলতানা, পীরের বাজারের সবুজ মিয়া ও মৃত ইলিয়াছ আলীর ছেলে আতিকুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩১৪/২০২১।

জিডি ও মামলা সূত্রে জানা যায়, ১নং আসামী রাবিয়া সুলতানা মামলার বাদী মো. মুরাদ আহমদের বিবাহিত স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে ২ ছেলে ও ৩ মেয়ে সন্তান রয়েছে। সংসারের খরচ চালাতে পরিবারকে দেশে রেখে বিদেশে পাড়ি জমান মুরাদ আহমদ। প্রায়ই মুরাদ আহমদ প্রবাস থেকে স্ত্রীর কাছে টাকা পাঠান। ২নং আসামী সবুজ মিয়ার সাথে তার স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে দেশে চলে আসেন মুরাদ আহমদ। একবছর পর মুরাদ আবারো প্রবাসে চলে যান। প্রবাসে থাকাবস্থায় তিনি আবারো তাদের পরকীয়ার কথা জানতে পারেন। পরে তিনি দেশে এসে শালিস বৈঠকের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করেন। কিন্তু তার স্ত্রী রাবিয়া সুলতানা তা মেনে নেননি। ২০২১ সালের ১৮ জুলাই রাত ১০টার দিকে রাবিয়া সুলতানা দা দিয়ে মুরাদ আহমদকে প্রাণে হত্যার উদ্দেশ্যে কুপ দিলে অল্পের জন্য বেঁচে যান তিনি। আসামী রাবিয়া সুলতানা, সবুজ মিয়া, তার সহযোগী আতিকুর রহমান ও ফরহাদগংরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য মুরাদ আহমদকে হুমকি দিয়ে যাচ্ছেন।

গত ২৪ ফেব্রুয়ারি মুরাদ আহমদ মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয় তারা। বর্তমানে মুরাদ আহমদ জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন। এব্যাপারে তিনি প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন।

Share





Related News

Comments are Closed