Main Menu

সিলেট শিল্পকলার বর্ণিল বসন্ত উৎসব আয়োজন

বৈশাখী নিউজ ডেস্ক: পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথমদিন। এই ঋতুতে প্রকৃতি কন্যা নতুন রূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন কচি পাতার আগমন ঘটে। শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার আবাসে চারিদিক লাল রাঙা হয়ে পড়ে। বাঙালির বারমাসে তের পার্বণ সংস্কৃতির এক অপার নিদর্শন বসন্ত বরণ। ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত বরণে বাঙালি সর্বদাই সচেষ্ট।

করোনা জনিত বিধি-নিষেধের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে সিলেট জেলা শিল্পকলা একাডেমি সোমবার (১ ফাল্গুন) গান ও নৃত্যের বর্ণিল পরিবেশনায় বরণ করলো ঋতুরাজ বসন্তকে। বসন্ত বরণ উপলক্ষে সন্ধ্যায় নগরীর পূর্বশাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উদ্বোধনীপর্বে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী, নিশিতা ফুডসের ব্যবস্থাপনা পরিচালক প্রতীক পাল, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুক্তি বড়ুয়া, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক পূর্ণিমা দত্ত রায়, অরুণ কান্তি তালুকদার এবং প্রাক্তন প্রশিক্ষক প্রসেনজিৎ দে শিপলু।

আবৃত্তি শিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় উৎসবের সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন জেলাশিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য বিভাগ, শিল্পাঙ্গণ সিলেট, একাডেমি ফর মণিপুরীকালচার এন্ড আর্ট সিলেট ও ছন্দ নৃত্যালয় সিলেট এবং একক পরিবেশনায় ছিলেন বিরহী কালামিয়া, গৌতম চক্রবর্ত্তী, পল্লবী দাস মৌ ও তমাপাল।

অনুষ্ঠানটি একই সঙ্গে জেলা শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজে সরাসরি সম্প্রসারিত হয়। মনোমুগ্ধকর পরিবেশনা ও বর্ণিল আয়োজনে বিমোহিত আগত সকল দর্শক।

Share





Related News

Comments are Closed