Main Menu

বিশ্বে করোনায় আরো ৭৬৪৭ মৃত্যু, শনাক্ত ২৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। দীর্ঘকাল ধরে মহামারির রেশ শেষ না হওয়ায় লোকজন এখন স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছে না। পৃথিবীর অনেক দেশেই টিকা ও বিধিনিষেধবিরোধী বিক্ষোভ দেখা যাচ্ছে।

টালমাটাল এই পরিস্থিতিতে রোববার (৩০ জানুয়ারি) বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ ও মৃত্যু অনেক কমেছে। এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৯ হাজার ২২২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৪৭ জনের।

এর আগে শনিবার (২৯ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৪ লাখ ৮ হাজার ১১৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ১০ হাজার ৩২৪ জনের। ফলে গতকালের তুলনায় আজ আক্রান্ত প্রায় আট হাজার এবং মৃত্যু আড়াই হাজার কমেছে।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ৩০ লাখ ৬ হাজার ৩৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৭৬ হাজার ২০ জনে। আর সুস্থ হয়েছেন ২৯ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৩৩২ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার ১২২ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৬ হাজার ৮৬১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৮১৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ১১০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ৪৭ হাজার ৪৭৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২৬ হাজার ৬৪৩ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৮ লাখ ৮ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩০ হাজার ৪৫৬ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৪ লাখ ৬ হাজার ১২৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৬১৩ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩৮তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed